Aaj India Desk, নয়াদিল্লি: ভোটের দামামা বেজে গিয়েছে! আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে গণতন্ত্রের মহাযজ্ঞ। একসঙ্গে তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন (Assembly Election) ঘিরে তুঙ্গে উত্তেজনা। আগামীকাল, ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে অসম, কেরল ও পুদুচেরিতে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ইভিএম-সহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় ভোটপর্ব।
এই নির্বাচনে তিন অঞ্চল মিলিয়ে মোট ২৯৬টি আসনে ভোটগ্রহণ (Assembly Election) হবে। এর মধ্যে কেরলে রয়েছে ১৪০টি আসন, অসমে ১২৬টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০টি আসন। সব মিলিয়ে কোটি কোটি ভোটারের নজর এখন এই নির্বাচনের দিকে। আগামী ৪ মে ফল ঘোষণা করা হবে, সেদিনই স্পষ্ট হবে কার দখলে যাবে ক্ষমতা।
কেরল বিধানসভা নির্বাচন
কেরলের নাম পরিবর্তন হয়ে এখন কেরলম। এই রাজ্যে ১৪০টি আসনে ভোট হতে চলেছে। এখানে মূল লড়াই ত্রিমুখী -সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন এলডিএফ, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র মধ্যে। গত কয়েক বছরে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নানা পরিবর্তন এসেছে, ফলে এবারের লড়াই আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিটি শিবিরই জয়ের ব্যাপারে আশাবাদী এবং শেষ মুহূর্ত পর্যন্ত জোর প্রচার চালিয়েছে (Assembly Election)।
অসম বিধানসভা নির্বাচন
অসমে আবারও মুখোমুখি বিজেপি ও কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি কি ফের ক্ষমতায় ফিরতে পারবে, নাকি কংগ্রেস রাজ্যে নিজেদের জমি ফিরে পাবে -তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। প্রায় ২.৫ কোটি ভোটার এই নির্বাচনে অংশ নেবেন এবং তাঁদের ভোটেই নির্ধারিত হবে আগামী দিনের সরকার। ভোটের আগে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে, যার জেরে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুদুচেরি বিধানসভা নির্বাচন
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও রাজনৈতিক উত্তাপ কম নয়। এখানে ৩০টি আসনে নির্বাচন হবে এবং মোট ২৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৯.৫ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ছোট অঞ্চল হলেও এখানে প্রতিটি আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি।


