নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের নির্দেশে মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লির (Delhi) অবৈধ নির্মাণ কাজ সরানোর কাজ ঘিরে ধুন্ধুমার! ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশের দাবী, ঘটনার সময় সমাজবাদী পার্টির সাংসদ মোহিবুল্লাহ নাডভি উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মধুর ভার্মা বলেন, “এখনও পর্যন্ত পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি তদন্তাধীন রয়েছে। যারা হিংসায় উসকানি দিয়েছে, তাদের সকলের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।
বস্তুত, বুধবার সকালে পুরনো দিল্লির (Delhi) তুর্কমান গেটের ফাইজ-ই-ইলাহি মসজিদের সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ সরানোর কাজ শুরু করে। প্রশাসনের দাবি, মসজিদে কোনও ক্ষতি করা হয়নি; কেবলমাত্র আশপাশের অবৈধ স্থাপনা ভাঙা হচ্ছিল। অভিযান চলাকালীন আচমকাই একদল লোক পুলিশ ও প্রশাসনিক কর্মীদের লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়ে। ঘটনায় আহত হয় পাঁচ পুলিশকর্মী।
এই ঘটনায় পুলিশ দাঙ্গা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মীদের আহত করার ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও খতিয়ে দেখে আরও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, হিংসা স্বতঃস্ফূর্ত নাকি পরিকল্পিত—তা খতিয়ে দেখতে ষড়যন্ত্রের দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


