Aaj India Desk, কলকাতা : মালদার কালিয়াচকে বিচারকদের ঘেরাও ও হামলার ঘটনা ঘিরে এবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবার জরুরি বৈঠকে ক্ষোভ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের ঘটনা আবার ঘটলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রের খবর, এদিন দীর্ঘ বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি), সিইও, জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সরাসরি কথা বলে নির্বাচন কমিশন (Election Commission)। বৈঠকে মালদার ঘটনায় প্রশাসনিক ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দুপুর থেকে কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা চললেও কেন কোনও শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তা নিয়ে জবাব চান তিনি।
মালদা প্রশাসনকে সরাসরি প্রশ্ন
বৈঠকে মালদার DM ও SP-কে কার্যত ভর্ৎসনা করেন জ্ঞানেশ কুমার। তিনি জানতে চান, “এতক্ষণ অশান্তি চলল, অথচ কোনও সিনিয়র অফিসার ছিলেন না, এটা কীভাবে সম্ভব?” একইসঙ্গে রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তকেও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়।
পাশাপাশি মালদা ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অবিলম্বে FIR দায়ের ও গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যেই মোথাবাড়ির ISF প্রার্থী মাওলানা শাহজাহান আলিকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় আরও ১৭ জন অভিযুক্তকেও গ্রেফতার করে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
নির্বাচনের ছয় মূল লক্ষ্য
আসন্ন ভোটকে সামনে রেখে কমিশনের নির্ধারিত ছয়টি মূল লক্ষ্য আবারও স্মরণ করিয়ে দেন সিইসি।বুথ দখল সম্পূর্ণ রোধ , ভুয়ো ভোট বন্ধ, নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করা, রাজনৈতিক প্রভাবমুক্ত ভোটগ্রহণ, ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ, রাস্তা অবরোধ বা ভোটারদের বাধা কঠোরভাবে দমন করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার নিয়েও কড়া বার্তা দেন সিইসি। তাঁর মতে, মালদার ঘটনা কেবল মাত্র ‘দুষ্কৃতীদের অসামাজিক কাজকর্ম’। তিনি বলেন, “নিরাপত্তার নামে দুষ্কৃতীরা যেন কোনও সুবিধা না পায়।” বিশেষ করে বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে অতিরিক্ত সুরক্ষা ও আশ্রয়ের ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকের শেষে সিইসি কড়া সুরে বলেন, “মালদার মতো ঘটনা আর সহ্য করা হবে না। কোথাও এ ধরনের পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দ্রুত পদক্ষেপ চাই।”


