Aaj India Desk, কলকাতা : তালসারির সমুদ্রতটে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) আকস্মিক মৃত্যুকে ঘিরে উঠে এসেছে একাধিক জল্পনা। সমাজ মাধ্যমেও দেখা গেছে নানান দাবি। এই ধরনের প্রাথমিক তথ্যের পাশাপাশি এখন জানা যাচ্ছে যে সহ-অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন রাহুল।
কী বললেন অভিনেত্রী?
ঘটনাটি ঘটে রবিবার তালসারির সমুদ্র সংলগ্ন এলাকায় শুটিং চলাকালীন। ইউনিট সূত্রে প্রথমে দাবি করা হয়, শুটিং শেষ হওয়ার পর রাহুল অরুণোদয় ব্যানার্জি (Rahul Arunoday Banerjee) একাই জলে নামেন। তবে পরে ইউনিটের অন্য অংশের বক্তব্যে উঠে আসে ভিন্ন চিত্র। ইউনিটের একাংশ সহ অভিনেত্রীর নিজের দাবি, সহ-অভিনেত্রী শ্বেতা জলে নামতে গিয়ে বিপদে পড়ায় তাঁকে উদ্ধার করতেই এগিয়ে যান রাহুল। তবে শ্বেতাকে দ্রুত উদ্ধার করা হলেও রাহুলকে উদ্ধার করতে সময় লাগে বলে জানানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্টে ডুবে যাওয়ার ইঙ্গিত মিললেও, কীভাবে এবং কোন পরিস্থিতিতে তিনি জলে তলিয়ে গেলেন, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, তাঁর ফুসফুসে প্রচুর বালি জমে যাওয়ার কারণে অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল।
মৃত্যু ঘিরে একাধিক অসঙ্গতি
অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে যে রাহুলকে (Rahul Arunoday Banerjee) খুঁজে পেতে দেরি হয়েছিল, আবার অন্য বয়ানে বলা হচ্ছে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু প্রত্যক্ষদর্শীর মতে, গাড়িতে তোলার সময়ও তাঁর শ্বাসপ্রশ্বাস চলছিল। তবে সমুদ্রতটে শুটিংয়ের ক্ষেত্রে সাধারণত লাইফগার্ড, সুরক্ষা সরঞ্জাম এবং জরুরি চিকিৎসা টিম থাকার কথা। কিন্তু ওই দিন এই ধরনের ব্যবস্থা আদৌ ছিল কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। পাশাপাশি তালসারির মত জায়গায় যেখানে ঢেউ এর পরিমাণ নিতান্তই নগণ্য সেখানে এই ধরনের দুর্ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। ফলে একাধিক অসঙ্গতির কারণে রাহুল ব্যানার্জির মৃত্যু নিয়ে ঘনিয়েছে রহস্য। পাশাপাশি ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এই দুর্ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের বক্তব্য, এই মৃত্যু খুনের সামিল।
তবে পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাশাপাশি, কল ডিটেলস, ভিডিও ফুটেজ এবং লোকেশন ডেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না তদন্তকারীরা। একাধিক অসঙ্গতি এবং প্রশ্নের উত্তর খুঁজতেই এখন নজর পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে।


