Aaj India Desk, কলকাতা : দীর্ঘ জটিলতা ও দফায় দফায় সময় পরিবর্তনের পর অবশেষে সোমবার গভীর রাতে SIR এর প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary list) প্রকাশ করল নির্বাচন কমিশন।
সোমবার সন্ধ্যা থেকেই তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল প্রথমে জানান, রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে তালিকা প্রকাশ হতে পারে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তালিকা সামনে না আসায় বিভ্রান্তি বাড়ে। শেষ পর্যন্ত রাত প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা আপলোড করা হয়। যদিও প্রথমদিকে সার্ভার সমস্যার কারণে অনেকেই তালিকা দেখতে পারেননি। পরে রাত প্রায় ১২টার কাছাকাছি পরিস্থিতি স্বাভাবিক হয়।
কমিশনের তরফে জানানো হয়েছে, মোট প্রায় ৬০ লক্ষ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ নামের মধ্যে এদিন প্রায় ২৯ লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে। তবে এই নিষ্পত্তির মধ্যে কতজনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় (Supplementary list) যুক্ত হয়েছে এবং কতজনের নাম বাদ পড়েছে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কমিশন সূত্রে অনুমান, এই পর্যায়ে প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়তে পারে। তবে এই সংখ্যা নিশ্চিত নয়। কতজন বাদ পড়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া বাকি।
প্রকাশিত সম্পূরক তালিকা (Supplementary list) দুটি ভাগে বিভক্ত :
Name Addition List: যাদের নাম গ্রহণ করা হয়েছে
Name Deletion List: যাদের নাম বাদ দেওয়া হয়েছে
তালিকা সম্পূর্ণ বুথভিত্তিকভাবে প্রকাশিত হয়েছে। ফলে ভোটারদের নিজেদের নাম খুঁজে পেতে সংশ্লিষ্ট বুথ অনুযায়ী তালিকা ডাউনলোড করতে হবে।
তালিকা প্রকাশে বিলম্বের কারণ কী?
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারিক আধিকারিকদের ই-সাইন দেরিতে পাওয়ায় তালিকা প্রকাশে বিলম্ব হয়। মোট ৭০৫ জন বিচারিক আধিকারিক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। মনোজ আগরওয়াল জানান, “বিকেল ৪-৫টা পর্যন্ত যে নামগুলি বিচারিক আধিকারিকদের ই-সাইন সহ জমা পড়েছে, সেগুলিই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা প্রস্তুত করতে ৬-৮ ঘণ্টা সময় লাগে।”
আপিলে এখনো অনিশ্চয়তা
মঙ্গলবার দুপুরের মধ্যে জেলা নির্বাচন আধিকারিকদের মাধ্যমে বুথে এই তালিকার হার্ড কপি টাঙানোর কথা। তবে যাদের নাম বাদ পড়েছে, তারা কবে এবং কীভাবে আপিল করতে পারবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কমিশন জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশিকা প্রকাশের পরই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে।
পরবর্তী তালিকায় নজর
জানা গিয়েছে, দ্বিতীয় সম্পূরক তালিকা আগামী শুক্রবার এবং তৃতীয় তালিকা ৩ এপ্রিল প্রকাশিত হতে পারে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই সম্পূরক তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার আবার শুনানি হওয়ার কথা রয়েছে।


