কলকাতা: ভোটের দামাম বাজতেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন তালিকায় ঠাই পাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু প্রচারের দৌড়ে পিছিয়ে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার কালীঘাট থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর বলেছিলেন ইদের পর, অর্থাৎ শনিবারের পর থেকে প্রচারের ময়দানে নামবেন তিনি।
উত্তরবঙ্গ থেকেই প্রচারের ময়দানে নামবেন বলে জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা (Mamata Banerjee)। রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে বলেছিলেন, বৃষ্টি আল্লাহর আশীর্বাদ! আল্লাহ নাকি তাঁকে লড়াই করার শক্তি জাগাচ্ছেন! এদিকে তাঁর ভোটের প্রচারে বাধ সাধল সেই প্রকৃতিই! আগামী ২৪ মার্চ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মমতার জনসভার কথা ছিল। সেইসঙ্গে ময়নাগুড়ি, মাটিগাড়াতেও জনসভা করতেন তিনি।
কিন্তু বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অবস্থা খারাপ! খারাপ আবহাওয়ার দরুন মমতার প্রচার কর্মসূচী, জনসভা পিছিয়ে দেওয়া হয়েছে, জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তার পরিবর্তে পরের দিন ২৫ মার্চ উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও, এখনও তা নিশ্চিত নয়।
বুধবারের আগে আকাশ পরিস্কারের সম্ভাবনা নেই
আলিপুর আবহাওয়া দফতরের মতে, বুধবারের আগে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আবহাওয়া শুধরানোর সম্ভাবনা নেই। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিমিও হতে পারে। তাই মমতার (Mamata Banerjee) কর্মসূচী পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


