Aaj India, নয়াদিল্লি: হরমুজ প্রণালী পেরিয়ে ভারতীয় জাহাজে এলপিজি এলেও দেশের বাজারে সঙ্কট (LPG Crisis) কাটার নাম নেই। বরং দিন যত এগোচ্ছে, ততই গভীর হচ্ছে এই জ্বালানি সঙ্কট। তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা থেকে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত।
এলপিজি সিলিন্ডারের ঘাটতির জেরে অনেক রেস্তোরাঁই এখন ফিরছে পুরনো পদ্ধতিতে – কাঠ, কয়লা আর উনুনে রান্না। ছোট দোকানগুলি ভরসা রাখছে ইন্ডাকশন কুকটপে। তবে রান্নার এই পরিবর্তনের জেরে খাবারের খরচ বেড়ে গিয়েছে উল্লেখযোগ্যভাবে। ইতিমধ্যেই বহু রেস্তোরাঁ মেনু কার্ডে পরিবর্তন এনে দাম বাড়িয়েছে, এমনকি কিছু জনপ্রিয় পদ বাদও পড়ছে খরচ কমাতে।
রমজান শেষে ইদের সময় যেখানে বিরিয়ানির চাহিদা থাকে তুঙ্গে, সেখানে এবার অনেক দোকানেই ভাঁটা। দিল্লি থেকে চেন্নাই – রেস্তোরাঁ মালিকদের কথা দম বিরিয়ানি, যা আগে শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানে কাঠের উনুনে তৈরি হত, এখন রেস্তোরাঁয় নিয়মিতভাবেই সেই পদ্ধতিতে রান্না হচ্ছে। শুধু বিরিয়ানি নয়, সাইড ডিশগুলিও একইভাবে তৈরি করতে হচ্ছে। অন্যদিকে কাঠের দাম বাড়ায় রান্নার খরচ আরও বেড়েছে। জ্বালানি বাঁচাতে (LPG Crisis) অনেক জায়গায় ডিপ-ফ্রাই আইটেম বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেস্তোরাঁ মালিকদের দাবি, এই পরিস্থিতিতে প্রায় ৯০ শতাংশ ব্যবসাই ক্ষতির মুখে। প্রায় ৩০ শতাংশ পর্যন্ত ব্যবসা কমে গিয়েছে হোটেল গুলিতে। খরচ সামলাতে বড় রেস্তোরাঁগুলি এখন এক জায়গায় রান্না করে বিভিন্ন শাখায় খাবার সরবরাহ করছে। সেখানে ইন্ডাকশন বা মাইক্রোওয়েভে গরম করে পরিবেশন করা হচ্ছে।
এই সঙ্কটের (LPG Crisis) প্রভাব পড়েছে গৃহস্থের জীবনেও। আগে উৎসব-অনুষ্ঠানে বড় করে নিমন্ত্রণের চল থাকলেও, এখন অনেকেই খরচের ভয়ে সেই অভ্যাস থেকে সরে আসছেন।


