Aaj India Desk, কলকাতা : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের চাপে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কেন এখনও পশ্চিমবঙ্গে চালু হয়নি, তা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে কেন এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প এখনও রাজ্যে কার্যকর করা হয়নি। পাশাপাশি এই বিষয়ে সরকারের অবস্থান কী তাও জানানোর নির্দেশ দেয় আদালত।
বিজেপির রাজ্য সভাপতির আবেদন
এই মামলার আবেদনকারী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য প্রকল্প, যার মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে চিকিৎসার খরচে সহায়তা করা হয়। দেশের অধিকাংশ রাজ্যে এই প্রকল্প চালু থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দারা সেই সুবিধা পাচ্ছেন না। আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রথমে এই প্রকল্প নিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছিল রাজ্য সরকার। কিন্তু পরের বছর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এরপর থেকেই পশ্চিমবঙ্গে এই প্রকল্প কার্যকর হয়নি।
রাজ্যের হলফনামার পরই পরবর্তী শুনানি
ডিভিশন বেঞ্চ এদিন আরও জানায়, রাজ্য সরকারের হলফনামা জমা পড়ার পর আবেদনকারীকে দুই সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা দিতে হবে। তার পরই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হবে।
প্রকল্পে রাজনীতির রঙ
উল্লেখ্য, ২০১৮ সালে অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় পরিবারপিছু বছরে নির্দিষ্ট পরিমাণ স্বাস্থ্যবিমা সুবিধা পাওয়া যায়।
তবে পশ্চিমবঙ্গে এই কেন্দ্রীয় প্রকল্পের পরিবর্তে রাজ্য সরকার নিজস্ব স্বাস্থ্যবিমা প্রকল্প স্বাস্থ্যসাথী চালু রাখে। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প শুরু হয়। এর আওতায় প্রতিটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের কভার পায়। প্রকল্পটি স্মার্ট কার্ডভিত্তিক এবং কাগজবিহীন ও নগদহীন পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবারে সদস্যসংখ্যার কোনও সীমা নেই এবং পূর্ব-বিদ্যমান রোগও কভার করা হয়। তবে এই কার্ড মূলত রাজ্য সরকারের অনুমোদিত সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমেই কার্যকর। তা সত্ত্বেও বেশিরভাগ হাসপাতালেই এই সুবিধা পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু না হওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিনের। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় প্রকল্প চালু হলে আরও বেশি মানুষ চিকিৎসা সুবিধা পেতে পারতেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিষয়টি নতুন করে আলোচনায় এল। রাজ্যের হলফনামা জমা পড়ার পরই মামলার পরবর্তী শুনানির দিক নির্ধারিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।


