Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও আলোচনায় সোনারপুর দক্ষিণ (Sonarpur Dakshin) বিধানসভা কেন্দ্র। আসন্ন নির্বাচনের আগে সোনারপুর দক্ষিণ কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
সূত্রের দাবি, সম্প্রতি ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে এই প্রসঙ্গ ওঠে। সেখানে উপস্থিত ছিলেন দলের একাধিক মহিলা নেত্রী ও সাংসদ-মন্ত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় লাভলি মৈত্রকে জানান যে সোনারপুর দক্ষিণ কেন্দ্র নিয়ে কিছু সমস্যা রয়েছে এবং সেখানে তাঁকে আর প্রার্থী করা নাও হতে পারে।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কালিঘাটের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় বেশ কয়েকটি চমকপ্রদ নাম ছিল। লাভলি মৈত্র বা অরুন্ধতী মৈত্র ছিলেন সেই তালিকার অন্যতম চমক। তাঁকে প্রার্থী করা হয়েছিল সোনারপুর দক্ষিণ (Sonarpur Dakshin) কেন্দ্র থেকে।
তবে গত পাঁচ বছরে ওই এলাকায় দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে এসেছে বলে দাবি স্থানীয় সূত্রের। তৃণমূলের একাংশের মধ্যে লাভলি মৈত্রকে নিয়ে আপত্তিও রয়েছে বলে জানা গেছে। ফলে আসন্ন নির্বাচনের আগে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে কয়েক সপ্তাহ আগে রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে দেওয়ালে লাভলি মৈত্রর নাম লিখে প্রচার শুরু হয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে তা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের দাবি।
এই পরিস্থিতিতে সোনারপুর দক্ষিণে (Sonarpur Dakshin) সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে শুভাশিস চক্রবর্তীর নাম। তিনি দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সংগঠন সভাপতি এবং দীর্ঘদিন ধরেই তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বলে পরিচিত। অতীতে একাধিকবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হিসেবেও কাজ করেছেন। ২০১৭ সালে তাঁকে রাজ্যসভায় মনোনয়নও দিয়েছিলেন দলনেত্রী।
এই বিষয়ে শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, তিনি দলের একজন কর্মী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে চলবেন। দলীয় সূত্রের দাবি, লভলি মৈত্রকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে এমনটা নয়। তাঁর জন্য অন্য একটি কেন্দ্র বিবেচনায় রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।


