Aaj India Desk, কলকাতা: চৈত্রের শুরুতেই কি তবে কালবৈশাখীর তাণ্ডব? দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গত কয়েকদিনের গুমোট গরমের পর প্রথম বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও, আবহাওয়া দফতরের সতর্কতায় কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ মঙ্গলবার থেকেই কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে শুরু হতে পারে ঝড়-বৃষ্টির খেলা। প্রকৃতির এই খামখেয়ালি রূপ একদিকে যেমন তাপমাত্রা কিছুটা কমাবে, তেমনই শিলাবৃষ্টির আশঙ্কায় কৃষকদের মনে বাড়ছে উদ্বেগ।
তবে প্রশ্ন একটাই – এ কি কেবল স্বস্তির বৃষ্টি, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কালবৈশাখীর ধাক্কা?
কালবৈশাখীর চোখ রাঙানি রাজ্যজুড়ে
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ভিজতে পারে উত্তরবঙ্গও ,গত কয়েকদিন ধরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলছে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া ও মেদিনীপুর বেশ কয়েকটি জেলাতেই মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে। তবে আবহাওয়া দফতরের মতে, শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গলবারও রাজ্যের বিস্তীর্ণ অংশে ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ আবহাওয়া বজায় থাকতে পারে। এও আশঙ্কা করা হচ্ছে দিনের বিভিন্ন সময় কালবৈশাখীর দাপট আরও বাড়তে পারে, ফলে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।


