Aaj India desk, বেলঘরিয়া: উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থেকে নেপাল—দুই দেশের সীমা পেরিয়ে বিস্তৃত এক জাল নোট চক্রের হদিশ মিলল পুলিশের তদন্তে। প্রায় ৭০ কোটি টাকার জাল নোটের অভিযোগে বেলঘরিয়ার (Belgharia) এক দম্পতি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশের গোয়েন্দা বিভাগ। বিলাসবহুল জীবনযাপন, পার্টি আর টাকার লোভ দেখিয়ে প্রতারণা—সব মিলিয়ে এই চক্রের কার্যকলাপ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুই দেশেই।
জানা গেছে, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার বেলঘরিয়ার (Belgharia) শরৎপল্লি এলাকার একটি ফ্ল্যাট থেকেই এই জাল নোট চক্র পরিচালিত হত বলে অভিযোগ। ধৃতদের মধ্যে রয়েছেন দম্পতি দীপা ধর ও অরিন্দম ধর। তাঁদের সঙ্গে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন নেপালের বাসিন্দাও রয়েছে।
তদন্তে উঠে এসেছে, চক্রটি মূলত ধনী ব্যবসায়ী ও প্রোমোটারদের টার্গেট করত। ভিডিও কলে বিপুল পরিমাণ টাকার বান্ডিল দেখিয়ে তারা দাবি করত, বিশেষ ‘ব্যবস্থায়’ অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়া সম্ভব। এই প্রলোভনে অনেকেই বিনিয়োগ করতেন। পরে সেই টাকা হাতিয়ে নিয়ে চক্রটি উধাও হয়ে যেত বলে অভিযোগ।
নেপাল পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭০ কোটি টাকার জাল নোট। পাশাপাশি লোহার ট্রাঙ্কভর্তি নগদ টাকা, একাধিক মোবাইল ফোন এবং কয়েকটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং ভারত-নেপাল সীমান্ত ব্যবহার করে জাল নোট পাচারের একটি বড় নেটওয়ার্ক তৈরি করেছিল।
স্থানীয়দের বক্তব্য, অভিযুক্তদের বাড়িতে প্রায়ই জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন হত। রাতভর চলত নাচ-গান ও মদের আসর। এলাকায় (Belgharia) তাঁদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে নানা জল্পনাও ছিল। তবে এত বড় জাল নোট চক্রের সঙ্গে তাঁদের নাম জড়াবে, তা অনেকেই কল্পনাও করেননি।
পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই চক্রের শিকড় আরও গভীরে ছড়িয়ে থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও সদস্য ও আন্তর্জাতিক সংযোগের খোঁজ চলছে। গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা সংস্থাগুলির নজরদারি বাড়ানো হয়েছে।


