Aaj India Desk, হুগলি: দেশের জন্য যুদ্ধ করেছেন, ভারতীয় সেনাবাহিনীতে প্রতিনিধিত্ব করেছে বহু দিন , তবু ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন সেনাকর্মী শশিকান্ত হালদার (৮৭)-এর। ‘সার’ (SIR) প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। নতুন করে আবেদন করেও মেলেনি কোনও সাড়া। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন (Election Commission) -এর কাজকর্ম নিয়ে।
শশিকান্তবাবু ভারতীয় সেনাবাহিনীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন। দীর্ঘদিন দেশের সেবা করার পর ১৯৯১ সালে অবসর নেন। শুধু সেনা জীবনই নয়, পাশাপাশি দেশের কূটনৈতিক উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Rajiv Gandhi) -র উদ্যোগে গঠিত শান্তিসেনার প্রতিনিধি দলের সঙ্গেও তিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন, সেখানে Liberation Tigers of Tamil Eelam (LTTE)-এর সঙ্গে আলোচনায় অংশ নিতে।বর্তমানে চুঁচুড়া (Chinsurah ) পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙায় নিজের বাড়িতেই থাকেন শশিকান্ত হালদার। কিন্তু দেশের জন্য জীবন কাটানো এই প্রাক্তন সেনাকর্মী আজ ভোটাধিকার নিয়েই অনিশ্চয়তায় , আর যা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।
২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম থাকলেও পরবর্তী সময়ে তা বাদ পড়ে যায়। বিষয়টি তিনি জানতে পারেন ‘ স্যার ‘ (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর। তখন এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিএলও (BLO) তাঁর বাড়িতে ফর্ম দিতে এলে পরিবারের অন্য সদস্যদের জন্য ফর্ম দেন স্ত্রী ও দুই ছেলের বৌদের নামে। কিন্তু শশিকান্ত হালদারের নাম ‘ ডিলিটেড ভোটার ‘ হিসেবে চিহ্নিত থাকায় তাঁর হাতে কোনও ফর্ম তুলে দেওয়া হয়নি পরে নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করা হয়। প্রয়োজনীয় সমস্ত তথ্য সংগ্রহ করে সেই ফর্ম বাড়ি থেকেই নিয়ে যান বিএলও। তবু এখনও পর্যন্ত মেলেনি কোনও স্পষ্ট সাড়া, ফলে অনিশ্চয়তাই রয়ে গিয়েছে তাঁর ভোটাধিকার নিয়ে।
শনিবার মোবাইলে একটি বার্তা আসার পরই ফর্মটি বাতিল হওয়ার বিষয়টি জানতে পারেন শশিকান্ত হালদার। খবরটি সামনে আসতেই তাঁর ছেলে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও সমস্যার সমাধান এখনও হয়নি।
এ দিকে বৃদ্ধ ও তাঁর পরিবারের প্রশ্ন, বৈধ ভোটারদের নাম তালিকায় রাখা হবে এমনই তো দাবি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তা হলে সব নথি থাকা সত্ত্বেও কেন ভোটাধিকার থেকে বঞ্চিত হতে হবে এক প্রাক্তন সেনাকর্মীকে? শশিকান্ত হালদার সরকারি পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা। তাঁর পরিচয়পত্রসহ একাধিক সরকারি নথিও রয়েছে। তবু কেন ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ গেল, কিংবা নতুন করে আবেদন করার পরেও কেন তা যুক্ত হল না সেই প্রশ্নেরই উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি ও তাঁর পরিবার।


