Aaj India Desk, কলকাতা : SIR এর বিরুদ্ধে ধর্মতলায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্ণা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার সেই ধর্নামঞ্চ থেকেই বিজেপির ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রচারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তাঁর দাবি, রাজ্যের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণে বিজেপি নতুন করে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর কথা ভাবছে। ধর্নামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় পাচ্ছে বলেই এখন অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হচ্ছে। জেনে রাখুন, অন্নপূর্ণা মা দুর্গার আরেক নাম। মা লক্ষ্মী দুর্গারই মেয়ে। ঘরের মেয়ের নাম বাদ দিলে কেউ ক্ষমা করবে না।’
এইদিন ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বহু মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সাধারণ মানুষদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তাঁর কথায়, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং এতে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি বলেন, ‘গণতন্ত্র লুট করা হচ্ছে। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কেউ না লড়লে বাংলা লড়বে। বাংলাই তো স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল।’
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, যাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের অধিকাংশের কাছেই আধার কার্ডসহ প্রয়োজনীয় নথি রয়েছে। নির্বাচন কমিশনের কাছে তাঁদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদনও জানান তিনি। এইদিন বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কমিশন বিজেপিকে সন্তুষ্ট করতেই এমন কাজ করছে।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং কেন্দ্র-রাজ্য রাজনৈতিক টানাপোড়েনের প্রশ্নে ধর্নামঞ্চ থেকেই নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হন তৃনমূল সুপ্রিমো। পাশাপাশি বৈধ ভোটারদের নাম দ্রুত পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বিষয়টি নিয়ে গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।


