কলকাতা: ভোটের আগে দলবদল এবং যোগদান আম বাত! পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আর সেই সঙ্গেই শুরু হয়েছে শাসক-বিরোধী শিবিরে যোগদান এবং দলবদলের পালা। বৃহস্পতিবার শাসকশিবিরে (TMC) যোগ দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র (Sourav Chunder)। এদিন তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে নাম লেখালেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজকর্মী সৌরভ চন্দ্র।
শাসক শিবিরে কালো কোট
প্রসঙ্গত, একাধারে সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্ট রাজ্যের তরফে লড়ে যাচ্ছেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সম্প্রতি রাজ্যসভায় সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম ঘোষণা করেছে তৃণমূল (TMC)। বৃহস্পতিবারই অন্য তিনজন প্রার্থীর সঙ্গে রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে যান মেনকা। এবার কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র (Sourav Chunder) দলে যোগ দিলেন।
X link: https://x.com/AITCofficial/status/2029439683458154762
সৌরভ চন্দ্রের তৃণমূলে যোগদান প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, তিনি কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও আইনজীবী হিসেবে নিজের পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর কথায়, ভারতের রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের সঙ্গে বরাবরই বিশিষ্ট আইনজীবীরা যুক্ত থেকেছেন।
চন্দ্রিমা আরও দাবি করেন, ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি নানা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে। তাঁর মতে, সাধারণ মানুষের বিরুদ্ধে অন্যায় বা হেনস্থার প্রতিবাদ যেমন রাস্তায় আন্দোলনের মাধ্যমে তোলা যায়, তেমনই আদালতেও আইনের পথে তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব। সেই কাজই আইনজীবী হিসেবে সৌরভ চন্দ্র করে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, কয়েক দিন আগেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এই তরুণ আইনজীবী (Sourav Chunder)। তবে সে সময় তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন, তা স্পষ্টভাবে জানাননি। এখন তৃণমূল কংগ্রেসে তাঁর যোগদানের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হল।


