Aaj India Desk, কলকাতা: রাজ্যে এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে নির্বাচনের প্রস্তুতি যে জোরকদমে শুরু হয়ে গেছে, তার ইঙ্গিত মিলল রবিবার। বিধান নগর কমিশনারেট এলাকা ও পুরুলিয়ায় পৌঁছে গেল দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বার্তা অনুযায়ী, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ (Route March) শুরু হবে।
সূত্রের খবর, বিহার থেকে আসা ইন্দো তিবেটান বর্ডার পুলিশের (ITBP) জওয়ানরা এই বাহিনীর অংশ। এক কোম্পানি মোতায়েন করা হয়েছে এয়ারপোর্ট থানা এলাকায় এবং অন্য কোম্পানি নিউটাউনে। নিউটাউনের আলিয়া ইউনিভার্সিটিতে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই সংশ্লিষ্ট এলাকায় রুটমার্চ (Route March) শুরু হবে। স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। এদিকে পুরুলিয়াতেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। পরিস্থিতি অনুযায়ী তাদের মোতায়েনের জায়গা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
প্রশাসনিক মহলের মতে, নির্বাচনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সংবেদনশীল এলাকাগুলিতে আগে থেকেই নজরদারি বাড়ানো যায়, সেই কারণেই আগাম এই মোতায়েন। কেন্দ্রীয় বাহিনী আগামী কয়েক দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পকেট চিহ্নিত করে ফ্ল্যাগ মার্চ (Route March) করবে বলে জানা গেছে। পাশাপাশি বুথভিত্তিক নিরাপত্তা পর্যালোচনার কাজও শুরু হতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে আরও বাহিনী রাজ্যে আসবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।


