Aaj India Desk, কলকাতা: হাতে গোলা আর মাত্র কয়েটা দিন, সু্প্রিম নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা (SIR)। ভোটের আগে নিজের নাম তালিকায় আছে কি না তা যাচাই করা অত্যন্ত জরুরি। অনলাইন ও অফলাইন দুভাবেই দেখা যাবে নাম , কিন্তু দেবেন কি ভাবে ? কীভাবে দেখা যাবে নিজের নাম ? সেই পদ্ধতিই জেনে নিন ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটাররা ঘরে বসেই অনলাইনে নিজের নাম খুঁজে নিতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। অর্থাৎ eci.gov.in -এই ওয়েবসাইটে গেলে দেখে নেওয়া যাবে তালিকায় নাম রয়েছে কি না।
এর পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও আপলোড হবে লিস্ট ceowestbengal.wb.gov.in -এ গেলেও দেখে নিতে পারবেন লিস্টে নিজের নাম রয়েছে কি না। এখানেই শেষ নয়। নির্বাচন কমিশনের অ্যাপ অর্থাৎ ECINET- এও মিলবে লিস্ট। শুধু নির্দিষ্ট জায়গায় দিতে হবে নিজের নাম ও এপিক নম্বর। তাহলেই স্ক্রিনে ভেসে উঠবে যাবতীয় তথ্য।
যাঁরা অনলাইন পরিষেবা ব্যবহার করতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO)- এর সঙ্গে যোগাযোগ করে নিজের নাম যাচাই করা যাবে। পাশাপাশি নির্দিষ্ট ভোটকেন্দ্রে প্রকাশিত হার্ড কপিতেও নাম দেখা যাবে।
চূড়ান্ত তালিকায় নামের পাশে ভোটারের স্ট্যাটাস উল্লেখ থাকবে। ‘যোগ্য’ থাকলে তিনি ভোট দিতে পারবেন। কোনও নথি যাচাই প্রক্রিয়া চললে তা আলাদাভাবে উল্লেখ থাকবে। আর নাম বাদ গেলে তা ‘Deleted’ বা বাতিল হিসেবে চিহ্নিত থাকবে।
নির্বাচন কমিশনের তরফে সকল ভোটারকে অনুরোধ করা হয়েছে, ভোটের আগে অবশ্যই নিজের নাম যাচাই করে নেওয়ার জন্য, যাতে ভোটের দিনে কোনও অসুবিধার মুখে পড়তে না হয়।


