Aaj India Desk, শিলিগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যুদ্ধের ময়দানে তৎপরতা বৃদ্ধি করছে। এর মাঝেই শিলিগুড়িতে (Siliguri) দেওয়াল লিখন এবং প্রচারের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরু করেছেন শিলিগুড়ির মেয়র।
নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গত ৩০ জানুয়ারি থেকে ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা এলাকায় দেওয়াল লিখন ও প্রচার কাজ জোরকদমে চলছে। তৃনমূলের কর্মীদের দ্বারা সেখানে পোস্টারিং করা হচ্ছে। মেয়র গৌতম দেব জানিয়েছেন, আপাতত প্রার্থীর নাম না থাকলেও দেওয়াল লিখনের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি জানান, “নির্বাচনের সময় যতই কাছে আসুক, দলের তরুণরা প্রস্তুত রয়েছে সক্রিয় প্রচার কার্যক্রমের জন্য।”
প্রার্থী পদ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান , এখনো প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। তবে সাথে তিনি এও ইঙ্গিত দেন যে আগামী নির্বাচনে নিজের জন্মস্থান শিলিগুড়ি (Siliguri) থেকে প্রার্থী হয়ে ময়দানে নামতে বিশেষ অসুবিধা নেই তাঁর। পাশাপাশি গৌতম দেব বলেন, “আমার উদ্দেশ্য সব মানুষের কাছে পৌঁছানো এবং তাদের আশীর্বাদ নেওয়া। আগেও আমি প্রার্থী হয়েছি। যে মতের মানুষ হোক না কেন, সবাইকে নিয়ে কাজ করতে চাই।”
উল্লেখ্য, শুধুমাত্র শিলিগুড়ি (Siliguri) নয়, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক অঞ্চলে তৃনমূল কংগ্রেস নিজেদের প্রচার কাজ শুরু করে দিয়েছে। দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টারিং দেখা যাচ্ছে নানান জায়গায়। বিধানসভা ভোটের সময় যত এগিয়ে আসছে, ততই জোরকদমে রণক্ষেত্রে নেমে পড়েছে শাসকদল।


