Aaj India Desk, কলকাতা: SIR প্রক্রিয়া ঘিরে শুরু থেকেই রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক চলছে। পশ্চিমবঙ্গের এই Special Intensive Revision প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুরো SIR প্রক্রিয়া এবার বিচারিক তত্ত্বাবধানে চলবে। এই কাজে একজন জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারককে ‘জুডিশিয়াল অফিসার’ হিসেবে নিয়োগ করা হবে।
বিচারিক অফিসার নিয়োগের নির্দেশ
আদালত জানিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট বিচারিক অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব এবং ডিরেক্টর জেনারেল অব পুলিশকে শনিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ডিএম ও এসপিদের এই বিচারিক অফিসারদের সমস্ত পরিকাঠামোগত সহায়তা দিতে বলা হয়েছে।
শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, “অসাধারণ পরিস্থিতির কারণে এই অসাধারণ নির্দেশ দিতে হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাধাহীনভাবে কাজ সম্পূর্ণ করাটাই আমাদের একমাত্র কাজ।”
আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কা রাজ্যের
রাজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল বলেন, বাকি কাজ শেষ না করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাঁর অভিযোগ, প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে কোনও নোটিস না দিয়েই প্রক্রিয়া এগোনো হয়েছে।
শুনানিতে আদালত স্পষ্ট জানায়, বিচারিক অফিসারদের কাজে কোনও বাধা বা অসম্মান বরদাস্ত করা হবে না। সরকারি আধিকারিকরা যেন পূর্ণ সহযোগিতা করেন, সে নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন।


