Aaj India Desk, কলকাতা: বুধবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ জারি করে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি (Abhishek Banarjee)।
অভিষেক ব্যানার্জির (Abhishek Banarjee) দাবি, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে কোনও নির্দেশ দিতে পারে না। এই প্রেক্ষিতে তিনি সি মুরুগানের একটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে জন্মশংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দেওয়া হয়, যা আদালতের নির্দেশের পরিপন্থী।
এখানেই থামেননি অভিষেক ব্যানার্জি (Abhishek Banarjee)। তাঁর আরও অভিযোগ, জেলা ভিত্তিতে নিযুক্ত রোল অবজার্ভারদের লগইন আইডি কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে। এই লগইন তথ্য ব্যবহার করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্য করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তাঁর ইঙ্গিত, এই কাজ কমিশনের ‘দিল্লিতে বসে থাকা রাজনৈতিক কর্তাদের’ নির্দেশে হচ্ছে।
তবে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান তাঁর সমস্ত অভিযোগ নাকচ করে দেন। তাঁর বক্তব্য, ওই বার্তায় নতুন কোনও নির্দেশ নেই। তিনি বলেন, “এটি নির্বাচন কমিশনের একটি নির্দেশের ব্যাখ্যা মাত্র। এখানে আলাদা করে কোনও গাইডলাইন বা নির্দেশ কাউকে দেওয়া হয়নি।”
পাশাপাশি তিনি জানান, নির্দেশটির অর্থ স্পষ্ট ভাবে বোঝার জন্য ওই কথা গুলি বলা হয়েছিল।
এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে চলা বিতর্কে এই অভিযোগ ও তার পাল্টা ব্যাখ্যা নতুন মাত্রা যোগ করে।


