কলকাতা: ফের “ডবল ডবল” চাকরির দেওয়ার দাবী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। সমাজমাধ্যমের একটি ভিডিওতে বর্ষীয়ান বাম নেতার কটাক্ষ, মুখ্যমন্ত্রীর ‘ডবল ডবল’ চাকরির কথা আসলে ‘ব্লাফ’ (ধোঁকাবাজি)। রাজ্যজুড়ে যুবসাথীর (Yuvasathi) ক্যাম্পের বাইরের লাইন দেখলেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
X Link: https://x.com/Sujan_Speak/status/2024091539606061084
যুবদের কাজের কোনও ব্যবস্থা নেই! আগে বামফ্রন্টের আমলে কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা ছিল। কিন্তু বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল সরকার কাজ তুলে দিয়ে বেকার ভাতা দিয়ে রাজ্যের যুব সমাজকে সন্তুষ্ট করতে চাইছেন, বলে তোপ দাগেন সুজন (Sujan Chakraborty)। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন না। ভাতা দিতে জনসাধারণের ট্যাক্সের টাকা ব্যবহৃত হচ্ছে! বলেও কটাক্ষ করেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য।
“বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছেন”
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যের ২৯৪ টি জায়গায় বেকার ভাতা যুবসাথীর (Yuvasathi) ক্যাম্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কর্মসংস্থান দেওয়ার বিষয়ে লবডঙ্কা! তাই ভোটের আগে ভাতা দিয়ে যুবসমাজের আস্থা অর্জন করতে চাইছে তৃণমূল বলে সুর চড়িয়েছে বিজেপি-সিপিআইএম-কংগ্রেস।
এই আবহে “বিরোধীদের দাবী ভিত্তিহীন! তাঁরা বিভ্রান্ত হয়ে গিয়েছে”, বলে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “বিজেপি, কংগ্রেস, সিপিআইএম ভয় পেয়ে গেছে। সিপিআইএমের সময় বেকারত্বের হার কি ছিল জিজ্ঞাসা করুন”। পাশাপাশি, কুণাল ঘোষ বলেন, যুবক-যুবতীরা চাকরি না পাওয়া পর্যন্ত এই সাহায্য।
কি বলছে বাংলার যুবসমাজ?
অন্যদিকে, চতুর্থ দিনেও রাজ্যের বিভিন্ন যুবসাথী (Yuvasathi) রেজিস্ট্রেশন ক্যাম্পে চোখে পড়ার মত ভিড় ছিল। অনেক উচ্চমেধা-সম্পন্ন, ডিগ্রিধারী যুবক-যুবতীরাও বেকার ভাতার ফর্ম সংগ্রহে লাইনে দাঁড়াচ্ছেন। অনেকেই আবার সংকুচিত বোধ করে বাবা-মা দের ফর্ম নিতে পাঠাচ্ছেন। তবে লাইনে দাঁড়ানো অধিকাংশ যুবক-যুবতীরই মত, ভাতা সাময়িক সমাধান। কর্মসংস্থানের কোনও বিকল্প নেই!


