25 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

নিয়ম বদলেছে, কিন্তু রোগীদের ভোগান্তি কি কমেছে? সরকারি হাসপাতালে ওষুধ না পেয়ে ক্ষোভ রোগীর পরিজনদের!

Aaj India Desk, কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে (Government Hospital) চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। এতদিন চিকিৎসকদের বিরুদ্ধে সাদা কাগজে বা বিশেষ সংকেত ব্যবহার করে রোগীদের বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠত। এবার সেই প্রথা বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ভবনের নতুন নির্দেশ অনুযায়ী, সরকারি হাসপাতালের চিকিৎসকদের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে। পাশাপাশি প্রতিটি প্রেসক্রিপশনে চিকিৎসকের সই, তারিখ, সময় এবং স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি হাসপাতালে এই নিয়ম কার্যকর করার কাজ শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এই পদক্ষেপের ফলে চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। তবে প্রশ্ন উঠছে, নির্দেশিকা জারি হলেও সাধারণ রোগীদের সমস্যার কি সত্যিই কোনও সমাধান হয়েছে?

প্রতিদিন দূরদূরান্তের গ্রাম থেকে বহু মানুষ চিকিৎসার আশায় কলকাতা ও শহরতলির সরকারি হাসপাতালগুলিতে আসেন। তাঁদের অনেকেরই আর্থিক অবস্থা ভালো নয়। তাই সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ পাওয়াটাই তাঁদের কাছে অত্যন্ত জরুরি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজের সামনের ওষুধের দোকানগুলির ছবি অন্য কথাই বলছে। সেখানে দেখা যাচ্ছে, বাইরে থেকে ওষুধ কিনতে রোগীদের পরিজনদের লম্বা লাইন। কেউ বাধ্য হয়ে হাজার হাজার টাকা খরচ করে ওষুধ কিনছেন, আবার কারও কাছে দাম শুনেই ওষুধ কেনা সম্ভব হচ্ছে না।

রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, কয়েকটি ওষুধ হাসপাতাল থেকে পাওয়া গেলেও অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। অনেকেই নিজেদের কেনা ওষুধের বিল দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেও যদি এত টাকা খরচ করতে হয়, তাহলে সাধারণ ও গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন কীভাবে?

অন্যদিকে, এই অভিযোগের জবাবে আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, এতদিন কিছু অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে হাসপাতালে ওষুধের কৃত্রিম সঙ্কট তৈরি করত। বিশেষ সংকেত ব্যবহার করে রোগীদের বাইরের ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে পাঠানো হত। তবে এখন এই ধরনের অনিয়ম বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে সঠিক পরিষেবা পান, তা নিশ্চিত করতে স্বাস্থ্য ভবন কাজ করছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে প্রশাসনের আশ্বাস আর হাসপাতালের বাইরের বাস্তব ছবির মধ্যে এখনও ফারাক রয়েছে কি না, সেই প্রশ্নই তুলছেন রোগী ও তাঁদের পরিজনেরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন