25 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

“সরানো চলবে না সাধক বামাক্ষ্যাপা” সিনেমা হলের মালিককে কার্যত ধমক মুখ্যমন্ত্রীর, কী নির্দেশ দিলেন শুভেন্দু?

Aaj India Desk, কলকাতা: গত ২০ নভেম্বর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সাধক বামাক্ষ্যাপার জীবনকাহিনি নিয়ে তৈরি সিনেমা ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa)। কিন্তু মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই একাধিক সিনেমা হলে ছবিটির প্রদর্শন বন্ধ হয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আগামী সপ্তাহে আরও কিছু হল থেকে ছবিটি সরিয়ে নেওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় এবার বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বৈঠকের শুরুতেই নিজে থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, যে সমস্ত সিনেমা হলে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে আজ থেকেই ফের শো চালু করতে হবে। প্রিয়া সিনেমা হলের মালিককে সরাসরি প্রশ্ন করেন তিনি, কেন ছবিটির প্রদর্শন বন্ধ করা হয়েছে? মুখ্যমন্ত্রীর কথায়, এ ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। আগের সরকারের আমলে এমন ঘটনা ঘটলেও বর্তমান সরকার তা বরদাস্ত করবে না। তাঁর নির্দেশের পর আজ থেকেই ফের ‘সাধক বামাক্ষ্যাপা’র শো চালুর কথা জানানো হয়েছে।

দীর্ঘদিন ছোটপর্দায় দর্শকদের কাছে পরিচিতি পাওয়ার পর এবার বড়পর্দায় এসেছে সাধক বামাক্ষ্যাপার কাহিনি। তবে ছবির নির্মাতাদের অভিযোগ, হিন্দি ছবির মুক্তিকে কেন্দ্র করে বাংলা ছবিটি পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না। এই সমস্যা নিয়েই সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সেখানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায়। পরিচালকের দাবি, হলে গিয়ে দর্শক ছবিটি দেখছেন, আবেগপ্রবণ হচ্ছেন এবং প্রশংসাও করছেন।

বেশ কিছু শো হাউসফুল হওয়ার পরেও কেন ছবিটি দেখানোর জন্য পর্যাপ্ত হল পাওয়া যাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, ‘রামায়ণ পার্ট ১’ মুক্তির সময়ও একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁদের। কালীপুজোর সময় ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তির পরিকল্পনা থাকলেও হল না পাওয়ার কারণে সেই সিদ্ধান্ত পিছিয়ে দিতে হয়। তখনও তাঁদের উপর চাপ তৈরি করা হয়েছিল বলে দাবি পরিচালকের।

নির্মাতাদের আরও অভিযোগ, সামনে একটি হিন্দি ছবি মুক্তি পাওয়ার কথা থাকায় নির্দিষ্ট একটি সংস্থার অধীনস্থ কিছু সিনেমা হলের মালিক শো কমানোর কথা বলছেন। অন্যদিকে, ছবিটি দেখতে দর্শকদের আগ্রহের ছবিও দেখা গিয়েছে। বিনোদিনী থিয়েটারের বাইরে দুপুর ১টার শো দেখতে দর্শকদের দীর্ঘ লাইন পড়ে যায়। শয়ে শয়ে মানুষ প্রেক্ষাগৃহে প্রবেশ করেন। দর্শকদের বক্তব্য, তাঁরা সব ভাষার সিনেমাকেই সমর্থন করেন। তবে বাঙালি হিসেবে বাংলা ছবির পাশে দাঁড়ানোও তাঁদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন