Aaj India Desk, কলকাতা: দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত নোটিসের জবাব দেওয়ার জন্য এর আগে একাধিকবার স্পিকারের (Speaker) কাছে অতিরিক্ত সময় চেয়েছিলেন এনসিপিআই (NCPI)-এর সাংসদরা। এখনও পর্যন্ত অন্তত পাঁচবার সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। সর্বশেষ গত ৩ নভেম্বর ২১ দিন সময় চেয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন NCPI সাংসদরা। সেই আবেদনের ভিত্তিতেই ২৪ নভেম্বর পর্যন্ত শেষবারের মতো সময় দেওয়া হয়েছিল স্পিকারের দফতরের তরফে।
সূত্রের খবর, নভেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহেই কয়েকজন সাংসদ তাঁদের জবাব জমা দিয়েছিলেন। তবে গতকাল এবং আজ সকাল মিলিয়ে বাকি সাংসদদের অধিকাংশই নিজেদের বক্তব্য আলাদা আলাদাভাবে স্পিকারের দফতরে পাঠিয়েছেন। আজ সকালে জুন মালিয়া এবং জগদীশ বাসুনিয়া-সহ কয়েকজন সাংসদের জবাব জমা পড়েছে বলে খবর।
উল্লেখ্য, দলত্যাগ বিরোধী আইনে ২০ জন সাংসদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে প্রত্যেকের বিরুদ্ধে পৃথক আবেদন করেছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্পিকারের তরফে প্রথমদিকে কোনও পদক্ষেপ না হওয়ায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এরপরই সংশ্লিষ্ট সাংসদদের প্রত্যেককে আলাদা করে নোটিস পাঠিয়ে জবাব চেয়ে পাঠান স্পিকার।
এই মামলায় সুপ্রিম কোর্ট স্পিকারের জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা ঠিক করে দেয়নি। তবে আদালতের নির্দেশ ছিল, গোটা প্রক্রিয়াটি যেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হয়। সেই বিষয়টির উপর নজর রাখবে শীর্ষ আদালত। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। ফলে ওই দিনের শুনানির দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে, রাজ্যে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের ঘটনা অব্যাহত। মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া পঞ্চায়েত সমিতির ১৯ জন সদস্য NCPI-তে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন গোপাল ভৌমিক, ফজলুল হক, আলমআরা বেগম, কণিকা ভৌমিক এবং রাজীব সিনহা-সহ আরও অনেকে। এই যোগদানের ফলে উত্তর দিনাজপুরে দলটির সংগঠন আরও শক্তিশালী হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় সূত্রে খবর, উত্তর দিনাজপুর, বসিরহাট-সহ রাজ্যের মোট পাঁচটি জেলায় পঞ্চায়েত স্তরে সংগঠন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে NCPI। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে সংগঠন বিস্তারের উপর জোর দেওয়া হচ্ছে। গ্রামাঞ্চলে দলের ভিত মজবুত করতে বিভিন্ন জেলার স্থানীয় স্তরে নেতারা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন।


