পূর্ব মেদিনীপুর: ক্লাবের জমি দখল ও বিবেকানন্দ–নজরুল–রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের গড়বাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় পশ্চিম ক্ষিরিশবাড়ী গ্রাম। রাতের অন্ধকারে বিবেকানন্দ–নজরুল–রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
প্রায় ৩৫ বছরের পুরনো ক্লাবঘরের জমি দখল করে ডেকোরেটার্স ব্যবসায়িকে ভাড়া দেওয়ার অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলের (TMC) অঞ্চল প্রধান প্রদীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলে সমাজমাধ্যমে শুভেন্দু লেখেন, “টাকা পয়সার গন্ধ পেলে তৃণমূল কংগ্রেসের দিগ্বিদিক জ্ঞান থাকে না, তখন কে মনীষী আর তাঁদের আবার সম্মান! সব চুলোয় যাক, আগে আখের গোছানো তার পরে বাকি সব…”।
X Link: https://x.com/SuvenduWB/status/2023997407911190994
ওই ক্লাবের ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, “যাঁদের মূর্তি ভাঙ্গা হলো সেই স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম শুধু বাংলার মনীষী বা প্রাতঃস্মরণীয় ব্যক্তি নন, এনারা বাঙালির তথা গোটা দেশের গর্ব। ওনাদের প্রতি এই ঘৃণ্য ও অপমানজনক আচরণের খেসারত দুষ্কৃতীদের দিতেই হবে।” ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করেন বলে দাবী করেছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। পাশাপাশি, প্রশাসন এই বিধয়ে কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।
বাঙালি অস্মিতার ‘বুলি’?
প্রসঙ্গত, বাঙালি মনীষীদের মূর্তি ভাঙচুর, ছবির প্রতি অবমাননা নিয়ে বিজেপি-তৃণমূল দ্বন্দ নতুন নয়। ভোটের আগে মোদী-শাহের মুখে বাঙালি মনীষীদের সম্মাননা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল (TMC)। তাঁদের দাবী, ভিনরাজ্যে বাংলায় কথা বললে মারধোর, খুন পর্যন্ত করা হয়। এদিকে ভোটের ময়দানে বিজেপি সুপ্রিমোদের মুখেই বাংলা-প্রীতি! অন্যদিকে, বিজেপির (BJP) পাল্টা কটাক্ষ, বাঙালি অস্মিতার বুলি আওড়ানো মনীষীদের আদৌ সম্মান করে না তৃণমূল। সবটাই ভোট-রাজনীতি!


