স্নেহা পাল, কলকাতা: রাজ্য রাজনীতিতে যখন অনুপ্রবেশ, ভুয়ো ভোটার ও এসআইআর নিয়ে চাপানউতোর চরমে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সংযোগের অভিযোগ থেকে শুরু হলো নতুন বিতর্ক।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।
শুভেন্দুর দাবি, তথাকথিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে এবং নতুন দল গঠনের আগেই হুমায়ুন কবীর (Humayun Kabir) টানা সাত দিন বাংলাদেশে ছিলেন। তাঁর আরও অভিযোগ, ওই বাবরি মসজিদের জন্য স্টেট ব্যাঙ্কের মাধ্যমে সংগৃহীত অর্থের ৫০ শতাংশের বেশি বাংলাদেশ থেকে এসেছে। এই বিষয়টি হুমায়ুন কবীর ছাড়া আর কেউ ব্যাখ্যা করতে পারবেন না বলেও দাবি করেন শুভেন্দু।
এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার প্রকাশ্যে পাল্টা প্রতিক্রিয়া দেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি বলেন, বাংলাদেশ থেকে এক টাকাও আনার প্রমাণ দেখাতে পারলে তিনি সব অভিযোগ মেনে নেবেন। প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভূমিকা ও মানসিক স্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। “ওনার একজন সুন্দর মেয়ে দেখে জীবনসাথী দরকার” বলেও কটাক্ষ করেন হুমায়ুন।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন ভোটের আগে রাজ্যে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়, এই অভিযোগ সেই আবহকেই আরও তীব্র করবে। তবে এখনও পর্যন্ত অভিযোগের পক্ষে কোনও নথিভুক্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি।


