28 C
Kolkata
Tuesday, November 17, 2026
spot_img

‘বিজেপি না জিতলেই ভালো হতো!’ একথা না কি বলেননি রত্না! বিতর্কের আবহে বয়ান বদল?

কলকাতা: একদিকে শোকস্তব্ধ পরিবারের সামনে দাঁড়িয়ে আবেগঘন মন্তব্য, অন্যদিকে ২৪ ঘণ্টার মধ্যেই লিখিত বিবৃতিতে সুর বদল! পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথকে (Ratna Debnath) ঘিরে বিতর্ক যেন ক্রমেই নতুন মোড় নিচ্ছে। ‘বিজেপি না জিতলেই ভালো হতো’, এই মন্তব্য ঘিরে যখন রাজ্য রাজনীতিতে শোরগোল, তখনই রত্নার দাবি, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে কি সত্যিই এমন কোনও মনোভাব ছিল না তাঁর? নাকি বিতর্কের আঁচ বাড়তেই সাফাই দিতে হল বিধায়ককে?

ঘটনার সূত্রপাত পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুকে কেন্দ্র করে। তাঁর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। অরূপ সাহার পরিবারের সামনে তাঁকে বলতে শোনা যায়, “বিজেপি না জিতলে ভালো হত। মনে হচ্ছে পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। এই তো বাচ্চাগুলোর বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল।” অরূপের সন্তানদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে হারানোর যন্ত্রণার কথাও বলেন তিনি। উল্লেখ্য, রত্না দেবনাথ আরজি করের নির্যাতিতার মা।

এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। বিরোধীরা প্রশ্ন তোলে, বিজেপিরই বিধায়ক কেন দলের ক্ষমতায় আসা নিয়ে এমন আক্ষেপ করবেন? দলের অন্দরেও তৈরি হয় অস্বস্তি। পরিবহণমন্ত্রী অর্জুন সিং মন্তব্যটিকে আবেগতাড়িত ও অপরিণত বলে সমালোচনা করেন। দিলীপ ঘোষের বক্তব্য, দলের সমস্যা থাকলে তা সংবাদমাধ্যমে নয়, দলীয় স্তরে জানানো উচিত।

এরপরই নিজের অবস্থান স্পষ্ট করে সমাজমাধ্যমে লিখিত বিবৃতি দেন রত্না (Ratna Debnath)। তাঁর দাবি, বক্তব্যের একটি অংশ মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে তুলে ধরা হয়েছে। বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত, এমন কোনও অভিপ্রায় বা মনোভাব তাঁর ছিল না। দল, সংগঠন ও আদর্শের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করেছেন।

কিন্তু প্রশ্ন উঠছে, যে মন্তব্য ঘিরে এত বিতর্ক, তার ব্যাখ্যা দিতে এত তাড়াহুড়ো কেন? আবেগের মুহূর্তের কথা, নাকি রাজনৈতিক চাপের মুখে অবস্থান স্পষ্ট করার চেষ্টা? রত্না (Ratna Debnath) অবশ্য বলছেন, তাঁর বক্তব্যের অর্থ বিকৃত করা হচ্ছে। তবে বিতর্কের আগুনে জল ঢালতে তাঁর এই বিবৃতি কতটা সফল হবে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন