29 C
Kolkata
Friday, November 13, 2026
spot_img

ক্রীড়া প্রশাসনেও বিজেপির দাপট? সিএবির নতুন কমিটিতে তিন বিধায়ক-সহ একাধিক নেতা, কে পেলেন কোন পদ?

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রশাসনে বড়সড় রদবদল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নতুন কমিটিতে (CAB New Committee) জায়গা পেলেন বিজেপির একাধিক বিধায়ক ও নেতা। বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে সিএবির নতুন কমিটির সদস্যদের তালিকা। এই নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে ক্রীড়া প্রশাসনে রাজনীতির ভূমিকা নিয়ে।

কোন বিধায়ক পেলেন কোন দায়িত্ব?

সিএবির (CAB New Committee) প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষকে রাখা হয়েছে টুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটিতে। অন্যদিকে, বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি জায়গা পেয়েছেন ফিনান্স কমিটিতে। উত্তরের বিধায়ক সৌরভ সিকদারকে রাখা হয়েছে গ্রাউন্ড কমিটিতে।

শুধু বিধায়ক নন, বিজেপির দুই সাংগঠনিক নেতাও জায়গা পেয়েছেন সিএবির বিভিন্ন কমিটিতে। উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ রয়েছেন গ্রাউন্ড কমিটিতে। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যকে রাখা হয়েছে স্কুল কমিটিতে। নতুন কমিটির আরও একটি উল্লেখযোগ্য নাম শালিনি ডালমিয়া। অভিষেক ডালমিয়ার স্ত্রী শালিনিকে রাখা হয়েছে স্টেডিয়াম কমিটিতে। সব মিলিয়ে সিএবির একাধিক কমিটিতে নতুন মুখের অন্তর্ভুক্তি হয়েছে।

এজিএম থেকেই শুরু হয়েছিল জল্পনা

প্রায় দেড় মাস আগে সিএবির বার্ষিক সাধারণ সভা বা এজিএমে উপস্থিত ছিলেন বিজেপির এই বিধায়ক ও নেতারা। বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবেই তাঁরা সভায় যোগ দিয়েছিলেন। তখন থেকেই তাঁদের সিএবির বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার নতুন তালিকা প্রকাশের পর সেই জল্পনায় সিলমোহর পড়ল।

রাজনীতিমুক্ত ক্রীড়াক্ষেত্রের বার্তার সঙ্গে কি মিলছে বাস্তব?

সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বারবার বাংলার ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত করার কথা বলেছেন। বিজেপির তরফেও দলের বিধায়ক ও নেতাদের ক্রীড়া প্রশাসনে না রাখার বার্তাও দেওয়া হয়েছিল। সেই আবহে সিএবির নতুন কমিটিতে একাধিক বিজেপি বিধায়ক ও নেতার অন্তর্ভুক্তি ঘিরে প্রশ্ন উঠছে। যদিও তাঁরা বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে এজিএমে যোগ দিয়েছিলেন। কাউকেই কমিটির চেয়ারম্যান করা হয়নি। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অনুমোদনের পরই নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এখন ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত রাখার বার্তার সঙ্গে এই অন্তর্ভুক্তির সামঞ্জস্য কতটা তা নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন