Aaj India Desk, কলকাতা : আদালতের এজলাস দোতলায়, অথচ ভবনে নেই কোনও লিফট! তাহলে উপায়? সিঁড়ি ভেঙে উপরে উঠবেন, নাকি গাড়িতে বসেই সেরে ফেলবেন আদালতের কাজ? এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে এমনই পরিস্থিতির মুখে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
বৃহস্পতিবার এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আলিপুর আদালতে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর গাড়িতে ছিল মেডিক্যাল সাপোর্টের ব্যবস্থাও। কিন্তু বিপত্তি বাধে আদালতের বিশেষ এজলাসে পৌঁছনো নিয়ে। কারণ, সিবিআইয়ের বিশেষ আদালত বসে ভবনের দোতলায়। অথচ সেখানে ওঠার জন্য কোনও লিফটের ব্যবস্থা নেই।
শারীরিক অসুস্থতার কারণে গাড়ি থেকে নেমে দোতলার এজলাস পর্যন্ত যেতে পারেননি প্রাক্তন মন্ত্রী। এরপর পার্থর আইনজীবী আদালতের কাছে ভারচুয়াল শুনানিতে অংশ নেওয়ার অনুমতি চান। বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেন। ফলে আদালত চত্বরে গাড়িতে বসেই ভারচুয়াল শুনানিতে অংশ নেন পার্থ চট্টোপাধ্যায়।
শুনানি শেষে এসএসসি গ্রুপ ডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) শর্তসাপেক্ষে জামিন দেয় আলিপুর আদালত। ৭ হাজার টাকার বন্ড জমা দেওয়ার পাশাপাশি তাঁকে অন্তত ছ’টি শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। এই মামলাগুলির তদন্ত করছে সিবিআই ও ইডি। এর আগে সিবিআইয়ের অন্য একটি মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। এবার দুর্নীতি দমন আইন বা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন আদালতে জমা পড়ার পর গ্রুপ ডি মামলাতেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে একই মামলায় ২৬ জন অভিযুক্ত জামিন পেয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল পার্থ চট্টোপাধ্যায়ের নামও।


