29 C
Kolkata
Thursday, November 12, 2026
spot_img

পুর ভোটে স্থগিতাদেশ, এবার বিকল্প পথে শুভেন্দু! কাদের বসাবেন কো অর্ডিনেটর?

Aaj India Desk, কলকাতা: আইনি জটিলতায় আপাতত থমকে রয়েছে পুরসভা নির্বাচন (Municipal Election)। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দায়ের হওয়া মামলার জেরে ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। তবে রাজ্য সরকারের দাবি, সাধারণ মানুষের নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন। সেই কারণেই আইনি পথে সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার। কিন্তু আগামী ১ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কারা এই দায়িত্ব পাবেন, সেই বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ছটপুজো উপলক্ষে হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগের কথা জানান তিনি। তাঁর অভিযোগ, বিরোধীরা জানে নির্বাচনে হারতে হবে। তাই ভোট আটকাতেই আদালতের দ্বারস্থ হয়েছে তারা। শুভেন্দু বলেন, “যারা জানে যে হেরে যাবে, তারা ভোট বন্ধ করে দিচ্ছে। ১২ বছর ধরে হাওড়ার মানুষ পরিষেবা পাচ্ছে না। আধিকারিকদের পক্ষে সব কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা যখন ভোটের জন্য প্রস্তুত হলাম, তখন ওরা কোর্টে চলে গিয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে রাজ্য সরকার। সেখানেও যদি কোনও স্বস্তি না মেলে, তাহলে ১ ডিসেম্বর থেকে পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। তবে এই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতি তাঁদের অবস্থানও বিবেচনা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, সরকারের বিরোধিতা করবেন না, এমন ব্যক্তিদেরই এই দায়িত্বে আনা হবে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী শিবির। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের দাবি, প্রশাসনিক কাজের থেকে নিজেদের পছন্দের লোক বসানোতেই বেশি আগ্রহী বিজেপি। তাঁর কথায়, “বিজেপির কাছে কাজটা কোনও বড় ব্যাপার নয়। ওঁরা ইয়েস ম্যান খুঁজছেন। সরকারের বিরুদ্ধে কিছু লোক তো বলবেই। তারা যোগ্য হলেও কো-অর্ডিনেটর হতে পারবে না। বিজেপির বাহুবলীদের বসানো হবে।”

এই প্রসঙ্গে এর আগে মুখ খুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তাঁর বক্তব্য, কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে সিপিএম বা তৃণমূলের কাউকে বেছে নেওয়া হবে না। বরং বিজেপির স্থানীয় নেতাদেরই এই দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, “আমরা নিশ্চয় সিপিএমের অফিস থেকে কাউকে নিয়ে আসব না, বা তৃণমূলের চিহ্নিত দুর্নীতিবাজদের বসাব না। বিজেপির স্থানীয় নেতাদেরই সেই সুযোগ দেওয়া হবে।”

তবে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে পুর নির্বাচন নিয়ে জট কাটে কি না, নাকি ১ ডিসেম্বর থেকে পুরসভাগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগের পথেই হাঁটে রাজ্য সরকার, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন