স্নেহা পাল, কলকাতা : ভোটের আগেই কলকাতার বেলেঘাটায় ছড়িয়েছে চাঞ্চল্য। শনিবার বেলেঘাটার তৃণমূল নেতা ‘বাহুবলী’ রাজু নস্করকে (Raju Naskar) গ্রেপ্তার করে পুলিশ।
আজ তাঁকে কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টের আদেশে রাজু নস্করকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। তবে অভিযুক্তের আইনজীবী ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন।
বেলেঘাটার বাসিন্দা সুকমল দেবনাথের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগকারীর দাবি, ৪ ফেব্রুয়ারি রাতে রাজু নস্কর (Raju Naskar) ও তাঁর সহযোগীরা তাঁদের বাড়িতে ঢুকে হুমকি দেন এবং মারধর করেন। ৫ ফেব্রুয়ারি, তিনি বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে থানায় অভিযোগ জানানোর পরও হামলা থামেনি। তাঁর দাবি, ১১ ও ১৩ ফেব্রুয়ারি ফের তাঁদের পরিবারের উপর হামলা হয়। তিনি বলেন, “আমাকে শ্বাসরোধ করা হয়েছিল। মনে হয়েছিল মেরে ফেলবে।” তাঁর মা আরতি দেবনাথের অভিযোগ, তাঁকেও বুকে ঘুষি মারা হয়।
এরপর শনিবার অভিযুক্ত রাজু নস্করকে (Raju Naskar) ইএম বাইপাসের অভিষেক্তা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে গ্রেপ্তারের আগে সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূল নেতা।


