স্নেহা পাল, কলকাতা: ফেব্রুয়ারির বাজেট ঘোষণার পরেই রাজ্যে শুরু হয়েছে বেকার ভাতা ফর্ম ক্যাম্প। রবিবার থেকে ১১ দিনের বিশেষ শিবিরে ‘যুব সাথী’ (Yuva Sathi) প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর পাশ তরুণ-তরুণীরাও।
সরকারি সূত্রে জানা গেছে, ২১ থেকে ৪০ বছর বয়সি কর্মহীন যুবকদের জন্য এই প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই একই প্রশাসনিক পরিকাঠামো ব্যবহার করে আবেদন গ্রহণ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক সহায়তা দেওয়াই লক্ষ্য। অর্থ দফতরের দাবি, সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ভাতা দিয়ে যুবসমাজকে ‘সাহায্য’ করা হবে।
তবে ‘যুব সাথী’ (Yuva Sathi) প্রকল্প ঘিরে রাজ্যে যেমন প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে, তেমনই সামনে আসছে কর্মসংস্থান নিয়ে যুবসমাজের গভীর অসন্তোষ। লাইনে দাঁড়ানো আবেদনকারীদের বক্তব্যে বাজছে ভিন্ন সুর। তাদের কথায়, এখানে চাকরির সুযোগ নেই। ভাতার বদলে স্থায়ী কর্মসংস্থানের চাহিদার কথা তুলে ধরেন তারা।
যুব সাথী (Yuva Sathi) প্রকল্প নিয়ে সরকারের বক্তব্যে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করা হয়েছে। নারী ও শিশু উন্নয়নমন্ত্রী শশী পাঁজা বলেন, “মুখ্যমন্ত্রী যুবসমাজের মনোভাব বুঝেছেন, যুবসমাজের ব্যাপক আবেদনই তার প্রমাণ।”
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শিল্প ও সরকারি চাকরির সুযোগ কমার ফলেই ভাতার প্রয়োজন দেখা দিয়েছে। তাঁর দাবি, আগের প্রকল্পগুলির মতোই এর ভবিষ্যৎ অনিশ্চিত।


