Aaj India Desk, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে অভিনব কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি (BJP)। দলের ‘সেবা সংকল্প অভিযান’-এর মধ্যেই এবার যুক্ত হচ্ছে ‘নমো মল’। এই উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন জায়গায় অস্থায়ী দোকান বা মল (Shopping Mall) তৈরি করে মাত্র ১০ টাকায় পুজোর পোশাক কেনার সুযোগ দেওয়া হবে।
মূলত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। ‘পুজোর জামাকাপড় কিনুন মাত্র ১০ টাকায়’—এই বার্তা নিয়েই শুরু হবে কর্মসূচি। আগামীকাল পানিহাটিতে প্রথম ‘নমো মল’ চালু হওয়ার কথা রয়েছে। পরে ধাপে ধাপে জেলার অন্যান্য জায়গাতেও এই ধরনের অস্থায়ী মল চালু করা হবে।
এদিকে বুধবার প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ দিনে নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো ও আরতি করেন তিনি। দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। পুজোর পর সমাজমাধ্যমে মোদি লেখেন, “আজ নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো ও অন্যান্য ধর্মীয় আচার পালন করেছি। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আমার পরিবারের সদস্যদের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য গণেশের কাছে প্রার্থনা করেছি।” তিনি আরও লেখেন, “বিঘ্নহর্তার কৃপায় সকলের কল্যাণ হোক। দেশ যেন নিরন্তর উন্নতির পথে এগিয়ে যেতে পারে।”
উল্লেখ্য, ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক দায়িত্বে আসেন নরেন্দ্র মোদি। এরপর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বুধবার তাঁর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে মোদি বলেন, “আজ আমি টানা ২৫ বছরের পরিষেবা সম্পূর্ণ করেছি। মানুষের নিরন্তর আশীর্বাদ এবং সমর্থনের ফলেই এটি সম্ভব হয়েছে।” এই বিশেষ দিনে দেশের মানুষের জন্য নিষ্ঠা ও পূর্ণ একাগ্রতা নিয়ে কাজ করে যাওয়ার সংকল্পও করেন প্রধানমন্ত্রী।


