29.1 C
Kolkata
Thursday, October 8, 2026
spot_img

১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরোলেন ইন্দ্রনীল! ফের তলব কবে?

Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোকে (Durga Puja) কেন্দ্র করে দুর্নীতির অভিযোগের তদন্তে ফের ইডির (ED) জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বুধবার সল্টলেকের ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ১১ ঘণ্টা পর দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। পরনে ছিল তুঁতে নীল রঙের টি-শার্ট।

ইডি দফতর থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করেন। তবে কোনও প্রশ্নেরই উত্তর দেননি প্রাক্তন মন্ত্রী। চুপচাপ গাড়িতে সল্টলেক ছেড়ে চলে যান তিনি।

ইডি সূত্রে খবর, আগামী সোমবার ফের ইন্দ্রনীল সেনকে হাজিরার জন্য ডাকা হয়েছে। তদন্তকারীদের হাতে বেশ কিছু নতুন তথ্য এসেছে বলে জানা গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে বেশ কিছু নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে তাঁকে।

তবে সূত্রের দাবি, সোমবার ব্যক্তিগত কাজ থাকার কথা জানিয়েছেন ইন্দ্রনীল সেন। সেই কারণে তিনি শুক্রবার সকাল ১১টায় হাজির হওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার দুপুর ১২টা নাগাদ সল্টলেকের ইডি দফতরে পৌঁছন ইন্দ্রনীল সেন। সূত্রের খবর, গত ১০ বছরের ব্যাঙ্ক লেনদেনের তথ্য সামনে রেখে তাঁকে নানা প্রশ্ন করা হয়। বিশেষ করে বইমেলা, চলচ্চিত্র উৎসব এবং রেড রোডের কার্নিভাল সংক্রান্ত বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অভিযোগ, তিনটি সংস্থাকে বেআইনিভাবে ঘুরপথে কোটি কোটি টাকার কাজ বা টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল। ইউনেস্কোর নাম ব্যবহার করে কোনও ধরনের প্রতারণা হয়েছিল কি না, সেই বিষয়েও ইন্দ্রনীল সেনকে প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। তদন্তকারীদের হাতে এখনও বেশ কিছু বিষয়ে অসংগত তথ্য রয়েছে বলেই জানা গিয়েছে।

 

এদিকে গ্রেফতারির আশঙ্কায় আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইন্দ্রনীল সেন। আগাম জামিন চেয়ে তাঁর আইনজীবী আদালতে আবেদন করেছেন। প্রথমে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি ওঠার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় বর্তমানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি শুনছেন।

মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ইন্দ্রনীল সেন সংশ্লিষ্ট সময়ে সরকারের মন্ত্রী ছিলেন। ফলে তাঁর প্রভাব খাটানোর সুযোগ ছিল কি না, সেই বিষয়টিও আদালত গুরুত্ব দিয়ে দেখছে। একই সঙ্গে ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজোর প্রিভিউ শো-এর টিকিট বা পাশ বিক্রির অভিযোগের তদন্তে রাজ্যকে একটি ফ্লো চার্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন