স্নেহা পাল, কলকাতা: নির্বাচনের আগে বাম জোটে আসন বণ্টন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ও অস্বস্তি। ISF কে কতগুলি আসন দেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বামফ্রন্ট। ফলে শরিক দলগুলির মধ্যে ক্ষোভ যেমন বাড়ছে, তেমনই প্রার্থী ঘোষণা করে চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে নওশাদ সিদ্দিকির দল।
ISF এই সপ্তাহ পর্যন্ত অপেক্ষার বার্তা দিয়েছে। তবে এরপর কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারে তারা। ক্যানিং পূর্ব ও ক্যানিং পশ্চিম এই দু’টি আসনেই প্রার্থী দিতে পারে ISF। অন্যদিকে ভাঙড়ে নিজেই প্রার্থী হতে পারেন নওশাদ সিদ্দিকি। রাজনৈতিক মহলের মতে, আগামী সপ্তাহে প্রার্থী ঘোষণার ইঙ্গিত দিয়ে কার্যত সিপিএমের উপর চাপ বাড়িয়েছে ISF। আগামী ১৬ ফেব্রুয়ারি আরেক দফা বৈঠকের কথা রয়েছে ISF ও বামফ্রন্টের।
এদিকে বামফ্রন্টের অন্দরেও আসন বণ্টন নিয়ে অসন্তোষ স্পষ্ট। কংগ্রেস জোটে না থাকায় শরিক দলগুলি আগের নির্বাচনের তুলনায় বেশি আসন দাবি করছে। ফরওয়ার্ড ব্লক শুরুতে ৩০টি আসন চাইলেও সূত্রের দাবি, তারা ২৫টি আসনে রাজি। তবে সিপিএম জানিয়েছে, সর্বোচ্চ ১৫টি আসন দেওয়া সম্ভব। এই প্রস্তাবেই ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব।
তবে সিপিআইয়ের ক্ষেত্রে আপাতত কোনো জট নেই। তারা ২০টি আসন চেয়েছিলো যা নিয়ে সিপিএমের সঙ্গে তাদের প্রাথমিক সমঝোতা রয়েছে।
বামফ্রন্টের অবস্থান স্পষ্ট করে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “নির্বাচনের আগে পারস্পরিক আলোচনা চলছে। নির্দিষ্ট সময়েই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”


