কলকাতা: পুজোর থিমেও এবার পালাবদলের ছবি! গণেশ পুজোয় (Ganesh puja) একেবারে অন্যরকম নজির দেখা গেল কলকাতার বাগুইআটিতে। গণেশ পুজোর মণ্ডপে এবার শুধু দেবতার আরাধনা নয়, উঠে এসেছে বাংলার রাজনীতি, উন্নয়ন আর পরিবর্তনের গল্প।
থিমের নাম ‘পরিবর্তন, ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে উন্নত বাংলার পথে’। আর এই থিমের মধ্যেই রাখা হয়েছে ৪ মে’র আগে এবং ৪ মে’র পরের বাংলা। বাংলায় ভোটের ফল প্রকাশের দিনটিকেই এখানে পরিবর্তনের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরা হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, ৪ মে’র আগে বাংলার পরিস্থিতি কেমন ছিল এবং BJP’র ডাবল ইঞ্জিন সরকার আসার পর কী কী পরিবর্তন হয়েছে, সেই ছবিই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে।
একটি আবাসন কমপ্লেক্সে ছ’দিন ধরে চলছে এই গণেশ পুজো (Ganesh puja)। রয়েছে ১১ ফুটের বিশাল গণেশমূর্তি। রাজকীয় সাজে সজ্জিত সেই গণেশের পাশাপাশি তৈরি হয়েছে ১০ ফুট বাই ১০ ফুটের থ্রি ডি দেওয়ালচিত্র। আর সেই দেওয়ালেই যেন চোখের সামনে খুলে যাচ্ছে বাংলার রাজনৈতিক ‘আগে আর পরে’র গল্প।
উদ্যোক্তাদের দাবি, ৪ মে’র আগের অংশে দেখানো হয়েছে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা, ২০২৪ সালের আরজি কর কাণ্ডের পর ‘জাস্টিস ফর অভয়া’ আন্দোলন, বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া এবং গরু পাচারের মতো বিষয়।
অন্যদিকে ৪ মে’র পরের ছবিতে তুলে ধরা হয়েছে প্রস্তাবিত নয়াদিল্লি নিউ জলপাইগুড়ি বুলেট ট্রেন, চিংড়িঘাটায় মেট্রোর ফাঁক পূরণ, নতুন শিল্পের সূচনা এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযানের মতো বিষয়। উদ্যোক্তাদের দাবি, এর মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্প, কর্মসংস্থান, পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছে।
শুধু থিমেই নয়, গণেশমূর্তির (Ganesh puja) সাজেও রয়েছে বিশেষ বার্তা। সাদা কুর্তা এবং গেরুয়া পাগড়িতে সজ্জিত গণেশকে উদ্যোক্তারা জ্ঞান, দায়িত্ববোধ, দূরদর্শী নেতৃত্ব এবং সুশাসনের প্রতীক হিসেবে তুলে ধরেছেন।
শিল্পী মিন্টু পালের পরিকল্পনায় তৈরি হয়েছে এই বিশেষ থিম। রবিবার পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিরা।
সব মিলিয়ে বাগুইআটির এই গণেশ পুজো (Ganesh puja) এবার শুধু পুজোতেই থেমে থাকেনি। গণেশের আরাধনার সঙ্গে মণ্ডপের দেওয়ালে উঠে এসেছে বাংলার রাজনৈতিক বার্তাও। ভক্তি, শিল্প আর রাজনীতির এই অদ্ভুত মিশেলই এখন বাগুইআটির এই পুজোকে দিয়েছে আলাদা মাত্রা।


