স্নেহা পাল, কলকাতা: ভারতে বহুকাল ধরেই খাদ্যপণ্যের গুণমান নিয়ে বিতর্ক রয়েছে। এর আগে ম্যাগি মশলায় সিসা পাওয়ার অভিযোগ ওঠে। তবে এইবার সেই অভিযোগের তির দুধের দিকে। সাধারণত চেনা ব্র্যান্ডগুলোর নাম দেখে নিশ্চিন্ত হয় মানুষ, কিন্তু সেই চেনা বিশ্বাসেই এবার ফাটল ধরতে শুরু করেছে।
একটি স্বাধীন অনলাইন তদন্তকারী সংস্থা ‘ট্রাস্টিফায়েড’-এর সাম্প্রতিক পরীক্ষায় দাবি করা হয়েছে, Amul, Mother Dairy ও Country Delight এর মতো পরিচিত ব্র্যান্ডের দুধ ও দইয়ে FSSAI নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিমাণে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।
ট্রাস্টিফায়েডের রিপোর্ট অনুযায়ী, Mother Dairyর গরুর দুধে TPC পাওয়া গেছে প্রায় ২,৪০,০০০ CFU/ml, যেখানে FSSAIর নির্ধারিত সীমা ৩০,০০০ CFU/ml অর্থাৎ প্রায় আট গুণ বেশি। একইভাবে Country Delight এর গরুর দুধে TPC ৬০,০০০ CFU/ml, যা নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ।
অন্যদিকে ট্রাস্টিফায়েডের দাবি অনুযায়ী, Amul Taza দুধে কলিফর্ম কাউন্ট প্রায় ৯৮০ CFU/ml এবং Amul Gold দুধে প্রায় ২৫ CFU/ml পাওয়া গেছে, যা অনুমোদিত মানের চেয়ে অনেক বেশি। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে Amul Masti দইয়ের পরীক্ষায় কলিফর্ম ব্যাকটেরিয়া প্রায় ২,১০০ গুণ বেশি এবং ইস্ট ও মোল্ড প্রায় ৬০ গুণ বেশি পাওয়া গিয়েছিল বলেও দাবি করা হয়।
কলিফর্ম ব্যাকটেরিয়া সরাসরি ক্ষতিকর না হলেও, এর উপস্থিতি দুধে অন্যান্য রোগসৃষ্টিকারী জীবাণুর পরিমাণ বাড়ায়।
তবে এই অভিযোগের জবাবে Amul জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই ধরনের ভিডিও ও পোস্ট ‘ভ্রান্ত’। সংস্থার দাবি, তাদের উৎপাদন ইউনিট ISO সার্টিফায়েড এবং তাদের পণ্য বাজারে ছাড়ার আগে ৫০টির বেশি গুণমান পরীক্ষা করা হয়। এদিকে FSSAI ও এখনো পর্যন্ত ট্রাস্টিফায়েডের এই রিপোর্ট নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।


