Aaj India Desk, কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই (NCPI)-এর পাঁচ সাংসদ। বুধবার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, জগদীশ বসুনিয়া, মালা রায় এবং জুন মালিয়া।
জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পাঁচ সাংসদ নবান্নে পৌঁছন। প্রায় পৌনে ৭টা নাগাদ তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শুরু হয়। প্রায় পৌনে ৮টা নাগাদ বৈঠক শেষে নবান্ন (Nabanna) থেকে বেরিয়ে যান সাংসদরা।
সূত্রের খবর, বৈঠকে মূলত নিজেদের এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি থেকে আগামী দিনে কী কী কাজ করা হবে, সেই বিষয়েও সাংসদদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে NCPI সাংসদদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি বলে খবর।
তবে বুধবারের এই বৈঠকের আগে কাকলি ঘোষ দস্তিদারের নবান্নে যাওয়া নিয়ে আলাদা করে চর্চা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্যের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সূত্রের খবর, তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানাতেই তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন।
কাকলির অভিযোগের কেন্দ্রে রয়েছে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট। তাঁর দাবি, ওই পোস্টে তাঁকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। যদিও ঠিক কোন পোস্টকে ঘিরে তাঁর অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়। তবে কুণাল ঘোষের একটি মন্তব্য বা পোস্ট নিয়েই তাঁর আপত্তি বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন কাকলি। সেখানে তিনি লেখেন, “আজ ফেসবুক ও টুইটারে পোস্ট করে IT সেল থেকে যে অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে আমাকে ও আমার পরিবারকে সেই নাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিলাম । উনি যথাযত শাস্তির ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন।”এই ঘটনার পরেই পাঁচ NCPI সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রায় এক ঘণ্টার বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


