31 C
Kolkata
Friday, September 4, 2026
spot_img

ফের বোমা হামলায় কাঁপল মণিপুর! এবার নিশানায় কংগ্রেস নেতার বাড়ি

Aaj India Desk, ইম্ফল: ফের অশান্ত হয়ে উঠছে মণিপুর (Manipur)। নতুন করে হিংসার আবহের মধ্যেই এবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ এক নেতার বাড়ির সামনে বিস্ফোরণের (Bomb Blast) ঘটনা ঘটল। হামলার নিশানায় ছিলেন মণিপুর বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি কে মেঘচন্দ্র সিং (K Meghachandra Singh)।

বৃহস্পতিবার রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ থৌবাল (Thoubal) জেলার ইয়ারিপোকের বিষ্ণুনাহা এলাকায় মেঘচন্দ্র সিংয়ের বাড়ির মূল গেটের সামনে বিস্ফোরণটি ঘটে। আচমকা বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত।

পুলিশের প্রাথমিক ধারণা, কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়ির কাছে বিস্ফোরক ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে হামলাকারী কে বা কী কারণে এই ঘটনা ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের সন্ধানে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে জনবসতিপূর্ণ এলাকায় রাজনৈতিক নেতার বাড়ির সামনে এমন বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

গত কয়েক দিন ধরেই মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই বিস্ফোরণের আগের দিনই কাংপোকপি এলাকার একাধিক গ্রামে হামলার অভিযোগ ওঠে। সেখানে অন্তত ২৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।এর আগে কনথৌজাম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্য সরকারের মুখপাত্র সাপাম রঞ্জন সিংয়ের বাড়ির কাছেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরপর রাজনৈতিক নেতাদের বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিংও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জনবহুল এলাকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলার ঘটনাকে তিনি ‘গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।

শাসক ও বিরোধী—দুই শিবিরের নেতাদেরই লক্ষ্য করে একের পর এক হামলা এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনায় মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মেঘচন্দ্র সিংয়ের বাড়ির সামনে বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন