Aaj lndia Desk,দক্ষিণ ২৪ পরগণা : বারুইপুর (Baruipur) – এর সূর্যপুরে ১১ বছরের ষষ্ঠ শ্রেণির নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের (Rape Murder Case) ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। এফআইআর দায়েরের প্রায় ৫৭ দিনের মধ্যেই তদন্ত শেষ করে বারুইপুর বিশেষ পকসো আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনটি খণ্ডে মোট ৭০২ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। মামলার চার্জশিট নম্বর CS No. 1408/26, তারিখ ৩১ আগস্ট ২০২৬।
চার অভিযুক্তের মধ্যে মৃত প্রভাসও
এই মামলায় মোট চারজনকে অভিযুক্ত করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন প্রভাস মণ্ডল, যিনি ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের এনকাউন্টারে মারা যান। অর্থাৎ অভিযুক্তদের একজন বর্তমানে মৃত হলেও চার্জশিটে তাঁর নাম রাখা হয়েছে।
চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এর ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮ এবং ৬১ নম্বর ধারা এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা করা হয়েছে।
এখনও মেলেনি ফরেন্সিক রিপোর্ট
তদন্তের মূল পর্ব শেষ করে চার্জশিট দেওয়া হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট এখনও তদন্তকারীদের হাতে আসেনি। ফরেন্সিক, ব্যালিস্টিক এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট পাওয়ার অপেক্ষা রয়েছে। সেই রিপোর্টগুলিতে নতুন কোনও তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে পুলিশ।
পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্য
ঘটনার পর রাজ্য সরকারের তরফে মৃত নাবালিকার বাবাকে কারা দফতরে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবারকে আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে। নাবালিকার বাবা জানিয়েছেন, মানসিকভাবে কিছুটা স্বাভাবিক হওয়ার পর তিনি কাজে যোগ দেবেন।
নাবালিকার দেহ উদ্ধারের পর মুখ্যমন্ত্রী বারুইপুর পুলিশ সুপারের দফতরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁদের অভিযোগ শুনেছিলেন। পাশাপাশি পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন।
লাহেক আলির জামিন
এদিকে, ঘটনার পরবর্তী অশান্তি এবং পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার হওয়া সিপিএম নেতা লাহেক আলি জামিন পেয়েছেন। অসুস্থ মায়ের কথা বিবেচনা করে কলকাতা হাই কোর্ট তাঁকে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছে। এই ঘটনায় বারুইপুর থানায় ১৩৫০/২৬ নম্বর মামলা রয়েছে।


