29 C
Kolkata
Thursday, September 3, 2026
spot_img

‘চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন’, উত্তমের জন্মশতবর্ষে শ্রদ্ধা জ্ঞাপন মোদীর

Aaj India Desk, কলকাতা: ৩ সেপ্টেম্বর ২০২৬। আজ থেকে ঠিক ১০০ বছর আগে বাংলার চলচ্চিত্র (Indian Cinema) জগতে জন্ম নিয়েছিলেন এমন এক অভিনেতা, যাঁর হাসি, ব্যক্তিত্ব এবং অভিনয় কয়েক প্রজন্মের দর্শককে মুগ্ধ করেছে। তিনি উত্তমকুমার (Uttam Kumar)। বাংলা সিনেমার সেই মহানায়কের জন্মশতবর্ষে বৃহস্পতিবার সকালে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

কয়েকদিন আগেই ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে উত্তমকুমারকে নিয়ে নিজের স্মৃতির কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন সেই কথাই ফের উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও পোস্ট করেন তিনি। ‘মন কি বাত’-এ মোদী জানিয়েছিলেন, একবার কলকাতায় রোড শো করার সময় উত্তমকুমারের বাড়ির কাছ দিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল তাঁর। সেই সময় কেউ তাঁকে মহানায়কের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেই ঘটনাটি এখনও তাঁর মনে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

উত্তমকুমারের অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন মোদী। তাঁর কথায়, শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই নয়, মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গিয়েছিলেন উত্তমকুমার। পর্দায় তাঁর স্বাভাবিক অভিনয়, ব্যক্তিত্ব, আবেগ প্রকাশের ক্ষমতা এবং বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তোলার দক্ষতাই তাঁকে ভারতীয় সিনেমায় বিশেষ জায়গা দিয়েছে। মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে বাংলায় প্রধানমন্ত্রী বলেন, “মহানায়ক উত্তমকুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।”

উত্তমকুমারের প্রসঙ্গে বলতে গিয়ে সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির কথাও তুলে ধরেন মোদী। তাঁর বক্তব্য, বহু সিনেমাপ্রেমীর ধারণা, উত্তমকুমারকে মাথায় রেখেই ছবির চিত্রনাট্য তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ছবিতে অরিন্দম মুখোপাধ্যায় নামে এক জনপ্রিয় অভিনেতার চরিত্রে দেখা গিয়েছিল উত্তমকুমারকে। সেই চরিত্রের মাধ্যমে একজন তারকার সাফল্যের আড়ালে থাকা ভয়, দ্বন্দ্ব, অনিশ্চয়তা এবং অতীতের স্মৃতিকে তুলে ধরা হয়েছিল।

তবে শুধু অভিনয় নয়, উত্তমকুমারের জীবন থেকেও শিক্ষা নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সাফল্য না এলেও থেমে যাওয়া উচিত নয়।ক্যারিয়ারের শুরুতে একাধিক ছবি ব্যর্থ হওয়ায় উত্তমকুমারকে ‘ফ্লপ মাস্টার জেনারেল’ বলেও কটাক্ষ করা হয়েছিল। কিন্তু সেই ব্যর্থতাকে তিনি শেষ কথা হতে দেননি। নিজের অভিনয় আরও ভালো করার জন্য পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই অধ্যবসায়ই তাঁকে বাংলা সিনেমার মহানায়কের আসনে পৌঁছে দেয়। উত্তমকুমারের জন্মশতবর্ষে তাই শুধু তাঁর অভিনয় নয়, তাঁর লড়াই ও ঘুরে দাঁড়ানোর গল্পও নতুন প্রজন্মের কাছে প্রেরণার হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন