Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: আরজি কর-কাণ্ডে (RG Kar Case) ফের বড় পদক্ষেপ পুলিশের। তিলোত্তমার দেহ দ্রুত দাহ করে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার চেষ্টার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে (Somnath De)-কে। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের বিশেষ দল।
তদন্তকারীদের দাবি, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই সোমনাথ দে-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। হাসপাতাল থেকে দেহ পানিহাটিতে তাঁর বাড়িতে পৌঁছনো এবং এরপর দ্রুত দাহ করার ব্যবস্থার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ।
তিলোত্তমার পরিবারের অভিযোগ, নিজের প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে সোমনাথ দে দেহ দ্রুত দাহ করার ব্যবস্থা করেছিলেন। তাঁদের দাবি, এই তাড়াহুড়োর পিছনে উদ্দেশ্য ছিল ঘটনার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়া, যাতে তদন্ত সঠিক পথে এগোতে না পারে।
ঘটনার পর থেকেই সোমনাথ দে-র কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তদন্তকারীরা গোপন সূত্রে তাঁর বেঙ্গালুরুতে থাকার খবর পান। এরপরই সেখানে পৌঁছে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রানজিট রিমান্ডে শুক্রবার তাঁকে খড়দহ থানায় নিয়ে আসা হবে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ করে, কেন এত দ্রুত দাহ করার ব্যবস্থা করা হয়েছিল এবং এর পিছনে কারও নির্দেশ বা পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
সোমনাথ দে-র গ্রেফতারির ফলে আরজি কর-কাণ্ডের তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, এখন সেটাই দেখার। এর আগে একই ধরনের অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকেও গ্রেফতার করেছিল পুলিশ।


