স্নেহা পাল, দিল্লি : এতদিন জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ নিয়ে নানান নির্দেশিকা ছিল। এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’ (Vande Mataram) পরিবেশন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
নির্দেশিকা অনুযায়ী, সরকারি অনুষ্ঠানে এখন থেকে ছয় স্তবকবিশিষ্ট ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া বা বাজানো বাধ্যতামূলক। গানটির মোট সময়সীমা ৩ মিনিট ১০ সেকেন্ড। সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত ‘জন গণ মন’ এর সঙ্গে যদি ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়, তবে আগে ‘বন্দে মাতরম’ এবং পরে ‘জন গণ মন’ গাওয়া হবে। দুই ক্ষেত্রেই শ্রোতাদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সমস্ত সরকারি অনুষ্ঠানে, পদ্ম পুরস্কারসহ বিভিন্ন অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে, জাতীয় পতাকা উত্তোলনের সময় এবং রাষ্ট্রপতি ও রাজ্যপালের আগমন ও ভাষণের আগে ও পরে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) পরিবেশন করতে হবে। এই নির্দেশিকা রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নরদের ক্ষেত্রেও প্রযোজ্য।
তবে সিনেমা হলে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি, সংবাদচিত্র বা তথ্যচিত্রের অংশ হিসেবে যদি ‘বন্দে মাতরম’ (Vande Mataram) বাজানো হয়, সে ক্ষেত্রেও দর্শকদের দাঁড়ানোর প্রয়োজন নেই।
উল্লেখ্য, চলতি বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই দেশাত্মবোধক গানের ১৫০তম বর্ষপূর্তি পালিত হচ্ছে। সেই উপলক্ষ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানানো হয়।
তবে বিরোধী মহলের বক্তব্য, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে গড়ে উঠেছে। সেখানে রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রতীকী ক্রমবিন্যাস বদলানো সংবেদনশীল বিষয়। তাদের মতে, ‘বন্দে মাতরমে’র ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার প্রশ্ন নেই, কিন্তু সেটিকে বাধ্যতামূলক প্রোটোকলের আওতাভুক্ত করার আগে আলোচনা প্রয়োজন।


