Aaj India Desk, কলকাতা: গতকাল রাতেই নিজের অবসর গ্রহণের কথা চিঠি লিখে জানিয়েছেন ফুটবল জগতের কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi)। তবে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে আসতেই আশার কথা শোনালেন আয়োজক শতদ্রু দত্ত। গত বছরের বিতর্কিত সফরের রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় মেসিকে আনার সম্ভাবনার কথা জানালেন তিনি। তাঁর বক্তব্য, আগামী বছর কলকাতায় ফের দেখা যেতে পারে আর্জেন্টাইন মহাতারকাকে। এমনকি শুধু গ্যালারিতে উপস্থিতি নয়, এ বার মেসিকে মাঠে খেলতেও দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
১০ মাস পর ফের দেখা?
সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান লিওনেল মেসি (Lionel Messi)। তার পরেই কলকাতার মেসি-ভক্তদের জন্য বড় খবর শোনালেন শতদ্রু দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমার তার সাথে দেখা হবে প্রায় ১০ মাস পরেই”। এর আগে ফুটবল বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার ম্যাচের দিনও শতদ্রু লিখেছিলেন, যাঁরা তাঁর উপর বিশ্বাস রাখেন, তাঁদের জন্য আগামী বছর ফের ‘সেটি’ ঘটবে এবং তিনি তাঁকে নিয়ে আসবেন। যদিও সেই পোস্টে মেসির নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
মেসিকে নিয়ে কী বললেন শতদ্রু?
মেসির (Lionel Messi) আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের প্রসঙ্গে শতদ্রু বলেন, মেসির বাবার মৃত্যু তাঁর জন্য বড় ধাক্কা। পাশাপাশি ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলের চাপও যথেষ্ট। তাঁর ধারণা, এ বার মেসি ক্লাব ফুটবলেই বেশি উপভোগ করতে চাইবেন। এর পরেই কলকাতায় ফের মেসিকে আনার সম্ভাবনার কথা জানান তিনি। শতদ্রুর কথায়, “আমি আশা করছি আগামী বছর মেসিকে ফের কলকাতায় আনতে পারব। ফুটবলার হিসেবেই তিনি তিলোত্তমার বুকে আসবেন।”
তবে কলকাতায় মেসি বা ইন্টার মায়ামির সফর এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়নি। শতদ্রুর বক্তব্য এবং সম্ভাব্য প্রাক-মরসুম সফরকে ঘিরেই আপাতত তৈরি হয়েছে প্রত্যাশা। ফলে মেসির কলকাতায় ফেরার অপেক্ষায় এখন নজর থাকবে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার দিকে।


