Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : নামটা তাঁর, অথচ টাকা নিচ্ছে অন্য কেউ! এমন হলে আর শুধু কানাঘুষো নয়, হাতে রাখতে হবে প্রমাণ। এমনই বার্তা দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (Panihati Ratna Debnath)। রবিবার পানিহাটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁর নাম করে কেউ টাকা চাইতে এলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং মোবাইল বের করে টাকা চাওয়া ব্যক্তির ছবি তুলে রাখতে হবে। সঙ্গে চাইতে হবে তাঁর সই করা অনুমতিপত্র।
‘আগে অনুমতিপত্র দেখুন’
রত্না দেবনাথের বক্তব্য, কেউ যদি দাবি করেন যে তাঁকে বিধায়কের হয়ে টাকা চাইতে পাঠানো হয়েছে, তাহলে শুধু কথায় বিশ্বাস করার দরকার নেই। তাঁর কাছে বিধায়কের সই করা লিখিত অনুমতি রয়েছে কি না, তা দেখতে হবে। প্রয়োজনে বিধায়কের প্যাডে লিখিত নির্দেশও চাইতে বলেন তিনি। বিধায়কের মতে, প্রমাণ হাতে থাকলে ভুয়ো পরিচয় ব্যবহার করে টাকা আদায়ের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে। সাধারণ মানুষকেও কোনও চাপের কাছে মাথা নত না করার বার্তা দেন তিনি। (Panihati Ratna Debnath)
এলাকায় কোনও ধরনের ‘থ্রেট কালচার’ বা ভয় দেখানোর পরিবেশ তিনি চান না বলেও জানান রত্না দেবনাথ। কেউ বেআইনিভাবে টাকা চাইলে তার প্রতিবাদ করতে হবে। প্রয়োজন হলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শও দেন তিনি।
নির্মল ঘোষের নাম নিয়ে আক্রমণ
এদিনের বক্তব্যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলের প্রসঙ্গও তোলেন রত্না দেবনাথ (Panihati Ratna Debnath)। তাঁদের জেলে থাকার বিষয়টি উল্লেখ করে ক্ষমতার অপব্যবহার ও ভয় দেখানোর রাজনীতির বিরোধিতা করেন তিনি। পাশাপাশি নির্মল ঘোষের সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দেন বিধায়ক। তাঁকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন রত্না দেবনাথ। তবে তাঁর এই বক্তব্যের বিষয়ে নির্মল ঘোষের প্রতিক্রিয়া জানা যায়নি।


