Aaj India Desk, কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন কলকাতা পুরসভা (KMC) এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। অবশেষে তাঁদের জন্য এল কিছুটা স্বস্তির খবর। বহু অপেক্ষার পর KMC এলাকার বেশ কিছু পেনশনারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া DA-এর টাকা জমা পড়তে শুরু করেছে। এবার সেই টাকা ছাড়ার প্রক্রিয়ায় যুক্ত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও।
বকেয়া DA সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া DA ধাপে ধাপে মেটানোর প্রক্রিয়া চলছে। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হিসেবের গরমিল এবং দেরি নিয়ে অভিযোগও উঠেছে। বিশেষ করে KMC এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে দীর্ঘদিন বকেয়ার টাকা না ঢোকায় তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
এই পরিস্থিতিতে ডিএ মামলার অন্যতম মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি জানান, KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া DA-এর টাকা একাধিক ব্যাঙ্ক ইতিমধ্যেই ছাড়তে শুরু করেছে। কয়েকটি ব্যাঙ্কে এখনও প্রক্রিয়া শুরু না হলেও, স্টেট ব্যাঙ্কও এবার টাকা ছাড়ার কাজ শুরু করেছে।
মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, SBI টাকা ছাড়তে শুরু করায় আশা করা হচ্ছে, বাকি ব্যাঙ্কগুলিও খুব দ্রুত একই পথে হাঁটবে। ফলে KMC এলাকার বাকি পেনশনারদের অ্যাকাউন্টেও ধাপে ধাপে বকেয়া টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে। পেনশনারদের আশ্বস্ত করে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীরা সকলেই বকেয়া DR পাবেন। তাঁর কথায়, টাকা আজ না হোক কাল, প্রত্যেকের কাছেই পৌঁছবে।
উল্লেখ্য, চলতি মাস থেকেই KMC এলাকার কিছু অবসরপ্রাপ্ত কর্মীর অ্যাকাউন্টে বকেয়া DA জমা পড়তে শুরু করেছিল। গত কয়েকদিনে আরও কয়েকজন পেনশনার টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে। এবার SBI-ও টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করায় বাকিদের মধ্যেও আশা তৈরি হয়েছে। ধাপে ধাপে সমস্ত যোগ্য পেনশনারের অ্যাকাউন্টে বকেয়া DA-এর টাকা পৌঁছবে বলেই মনে করা হচ্ছে।


