Aaj India Desk, কলকাতা : তৃনমূল কংগ্রেসের ছাত্র সংগঠন প্রতিষ্ঠা দিবসে কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের ক্যাথিড্রাল রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে একের পর এক ধেয়ে এলো তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) কটাক্ষ ও চ্যালেঞ্জ। শুক্রবার ভবানীপুরের ভোটে পুনর্গণনার দাবি তুলে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করলেন তিনি। একইসঙ্গে শুভেন্দু অধিকারীকে ‘বন্দে মাতরম’-এর চারটি স্তবক গেয়ে শোনানোর চ্যালেঞ্জ দিলেন কল্যাণ।
টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ভবানীপুরের ভোট নিয়ে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ভবানীপুরের ভোটের ফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “গণনার শেষ দিকের কয়েকটি রাউন্ডে কারচুপি হয়েছে এবং এজেন্টদের সরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।” তাঁর দাবি, ক্ষমতা থাকলে ভবানীপুরের ভোটের রিকাউন্টিং করা হোক এবং ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক। কল্যাণ বলেন, “ক্ষমতা থাকলে একবার ভবানীপুরের সিসিটিভি ফুটেজ বাইরে আনুন। ভবানীপুরে রিকাউন্টিং করুন। তাহলে দেখা যাবে, কার কত দম।”
শুধু ভবানীপুরের ভোট নিয়েই থামেননি কল্যাণ। সম্প্রতি বন্দে মাতরম নিয়ে চলতে থাকা বিতর্কের জেরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কল্যাণের (Kalyan Banerjee) কথায়, “আজ শুভেন্দু অধিকারী বন্দে মাতরম-এর চারটি স্তবক একা গেয়ে শুনিয়ে দিন। যদি না পারেন, তাহলে বাংলায় তাঁকে জোকার হিসেবে গণ্য করা হবে।”
উল্লেখ্য, এর আগেও একই অভিযোগ সামনে এনেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে মমতা বলেন, ১৬ রাউন্ড পর্যন্ত তিনি এগিয়ে ছিলেন, পরে গুণ্ডা ঢুকে এজেন্ট তাড়িয়ে দেয়, ইলেকশন কমিশনের সাহায্যে ভোট লুট হয়, তাকে ধাক্কা ও লাথি দেওয়া হয়, সিসিটিভিও বন্ধ করা হয়। তিনি এই পুরো বিষয়টির নিন্দা জানিয়ে এটিকে “নোংরা খেলা” ও “চুরি করা জয়” বলে প্রতিবাদ জানিয়েছিলেন। আজ ফের সেই অভিযোগ সামনে এনে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় চ্যালেঞ্জ জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।


