29 C
Kolkata
Wednesday, August 26, 2026
spot_img

বিধানসভার লাইব্রেরির ১৯ বই নাকি মমতার জিম্মায়! ফেরত না দিলে ‘ব্যবস্থা’র হুঁশিয়ারি!

কলকাতা: বিধানসভার গ্ৰন্থাগারের ১৮ খণ্ড ‘রবীন্দ্র রচনাবলী’, সঙ্গে একখানা ‘সঞ্চয়িতা’, মোট ১৯টি রবীন্দ্র-গ্রন্থ নিজের জিম্মায় রেখে দিয়েছেন মমতা (Mamata Banerjee)! সেই বইগুলিই এখন ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ইস্যু হওয়া বইগুলি নির্ধারিত সময় পেরিয়েও এখনও গ্রন্থাগারে ফেরেনি। আর এবার বই ফেরাতে না দিলে ‘সাধারণ পাঠকের মতোই ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশংকর ঘোষ।

মঙ্গলবার সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। সেখানেই তাঁর স্পষ্ট বার্তা, বিশিষ্ট ব্যক্তি বলে আলাদা নিয়ম নয়। মন্ত্রী বলেন, গ্রন্থাগার থেকে বই নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না দিলে একজন সাধারণ পাঠকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

তবে বইগুলি ঠিক কোথায়, তা নিয়েও তৈরি হয়েছে নতুন কৌতূহল। বিধানসভার গ্রন্থাগারের কর্মীরা মমতার (Mamata Banerjee) সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, বইগুলি তাঁর বাড়িতে বা ব্যক্তিগত জিম্মায় নেই। সেগুলি রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে। যে দপ্তর বর্তমানে শুভেন্দু অধিকারীর হাতে।

কিন্তু এখানেই আসল ‘টুইস্ট’। বই বিধানসভা ভবনের মধ্যেই থাকলেও গ্রন্থাগারের খাতায় সেগুলি এখনও ‘ফেরত’ হয়নি। যতক্ষণ না বইগুলি গ্রন্থাগারে ফিরে আসছে, ততক্ষণ হিসাব অনুযায়ী সেগুলি ইস্যু করা বই হিসেবেই থাকবে।

এর মধ্যেই মন্ত্রী তুলে ধরেছেন আরও একটি পুরনো বিতর্ক। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা বই কেনার জন্য বিভিন্ন গ্রন্থাগারকে সরকারি নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বই কেনার পিছনে দলীয় স্বার্থ কাজ করেছে বলেও অভিযোগ তাঁর। ওই ধরনের বই গ্রন্থাগার থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনই দিয়েছেন বলে দাবি করেন মন্ত্রী।

আগামী দিনে গ্রন্থাগারে স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ রাষ্ট্রবাদী ও জাতীয়তাবাদী ব্যক্তিত্বদের লেখা বই এবং তাঁদের ইতিহাসকে আরও গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

একদিকে রবীন্দ্রনাথের ১৯ বই, অন্যদিকে ‘বই ফেরত না দিলে ব্যবস্থা’র হুঁশিয়ারি! বিধানসভার গ্রন্থাগার থেকে শুরু হওয়া এই কাণ্ড এখন রীতিমতো রাজনৈতিক বইয়ের নতুন অধ্যায়!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন