কলকাতা: অবশেষে স্বস্তির খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharjee) মঙ্গলবার বিকেলে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল থেকে ছুটি পেলেন। গত শুক্রবার অসহ্য পেটব্যথা ও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের কথায়, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
মীরা ভট্টাচার্যের (Meera Bhattacharjee) চিকিৎসার জন্য হাসপাতালে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী। শনিবার তাঁর একাধিক মেডিক্যাল পরীক্ষা করা হয় এবং কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দেওয়ায় মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত ও সময়মতো খাওয়া-দাওয়ার পাশাপাশি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে মীরা ভট্টাচার্য (Meera Bhattacharjee) সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমি এখন ভালো আছি।”
হাসপাতালে ভর্তির মাঝেই ছড়ায় গুজব
মীরা ভট্টাচার্য (Meera Bhattacharjee) হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক গুজব ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বুদ্ধদেব-মীরার একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।
কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে কাশি, শ্বাসকষ্ট এবং পেটব্যথায় ভুগছিলেন সত্তরোর্ধ্ব মীরা ভট্টাচার্য (Meera Bhattacharjee)। বৃহস্পতিবার অসুস্থতা বাড়লে পরদিন তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো রয়েছে। প্রায় তিন বছর আগে পেসমেকারের ব্যাটারি বদলের জন্যও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
হাসপাতালে থাকার সময় তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে থাকবেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।


