কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটে তিনি ‘ভোট কাটাবেন’ বলে শুরু হয়েছে একাংশের কটাক্ষ। অন্যদিকে, আইএসএফ-মিম-বাম কাদের সঙ্গে পাকাপাকিভাবে জোট বাঁধবেন হুমায়ুন কবির (Humayun Kabir)? এই জল্পনার মাঝেই বাম-কংগ্রেসকে “শূন্যের খোঁচা” মারলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। বর্তমানে জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবির বলেন, “শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়। একটা শূন্য কেটে গিয়েছে। আর একটা আমাদের সঙ্গে জোট করতে চাইছে।”
আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে জল্পনার যবনিকা সরিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত জোটের ঘোষণা করবেন বলে জানালেন হুমায়ুন কবির (Humayun Kabir)। শুধু তাই নয়, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জোট হলে আসন বন্টনে সংখ্যা কমলেও ১৩৫-এর নীচে নামবেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। আর জোট না হলে একাই ১৮২ টি আসনে প্রার্থী দেবেন বলেও জানালেন তিনি।
হুমায়ুনের মূল উদ্দেশ্য কি?
ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) নিজের জনতা উন্নয়ন পার্টি নিয়ে ভোটের ময়দানে নামতে চলেছেন। তিনি বলেন, “অনেকেই আমাকে ভোট কাটুয়া বলছে। আমার মূল লক্ষ্য হল তৃণমূলকে পরাজিত করা এবং বিজেপিকেও সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছোতে না দেওয়া। তৃণমূলের চটি চাটাদের হুমায়ুন কবির ভয় পায় না”।
বামেদের সঙ্গে কি সমীকরণ?
উল্লেখ্য, সম্প্রতি হুমায়ুন কবিরের (Humayun Kabir) সঙ্গে নিউ টাউনের একটি পাঁচটারা হোটেলে বৈঠক করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যা নিয়ে জল্পনা, কটাক্ষের মাঝে সেলিম স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি মন্দির-মসজিদের রাজনীতি মানবেন না। তবে যদি জোট হয় তাহলে একমাত্র মহম্মদ সেলিমের নেতৃত্বেই জোট মানবেন বলে জানান হুমায়ুন।


