Aaj India Desk, কলকাতা: সবকিছু পরিকল্পনামাফিক চললে আর মাত্র দু’দিন পর থেকেই বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, আগামী ১৭ অগস্ট থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে।
অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার ক্ষেত্রে শুরু থেকেই কিছু যোগ্যতার মাপকাঠি রয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে আরও একটি বিষয় স্পষ্ট করা হয়েছে। কোনও মহিলা উপভোক্তার নিজের মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি হলে, তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে গ্রামাঞ্চল এবং জেলার পুরসভা এলাকায় আবেদনকারীদের কথা মাথায় রেখে কিছু নিয়মে ছাড় রাখা হয়েছে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছিল। প্রথম দু’মাসে মাসের শুরুতেই অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছিল। কিন্তু অগস্ট মাসে টাকা পেতে দেরি হওয়ায় অনেক আবেদনকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়।
সেই উদ্বেগের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ অগস্ট থেকে যাচাই হয়ে যাওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। অন্যদিকে, ১১ থেকে ৩১ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাঁদের আবেদন যাচাই করতে আরও কিছুটা সময় লাগবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এবার জেলা ধরে ধরে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে অগস্ট মাসে অনেকেই এই প্রকল্পের টাকা পেতে চলেছেন। শুধু অগস্ট মাসের টাকা নয়, পরবর্তী সময়েও টাকা দেওয়ার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।অর্থাৎ, বর্তমানে যাঁদের আবেদন যাচাই হয়ে গিয়েছে, তাঁদের জন্য আগামী ১৭ অগস্ট থেকেই টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।


